প্যালেস্টাইনের নিরীহ নাগরিকদের গাড়িতে স্টান গ্রেনেড ছুড়ছে ইজরায়েলের পুলিশ! শুধু তাই নয়। ওই অবস্থায় কোনওভাবে যাতে সওয়ারিরা গাড়ি থেকে বেরতে না পারে তাই গ্রেনেড ছোড়ার পর চেপে ধরা হয়েছে গাড়ির দরজা। প্যালেস্টাইনের নাগরিকদের সঙ্গে ইজরায়েল পুলিশের এহেন অমানবিকতার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। বিতর্ক মাথাচাড়া দিতেই গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে ইজরায়েল প্রশাসন।
জানা যাচ্ছে, মর্মান্তিক এই ঘটনা ঘটেছে গাজার ওয়েস্ট ব্যাঙ্কে শরণার্থী শিবিরের কাছে। অভিযোগ, রাস্তা দিয়ে যাওয়ার সময় প্যালেস্তিনীয়দের একটি গাড়ি থামিয়ে তার মধ্যে গ্রেনেড ছোড়েন ইজরায়েলের বর্ডার পুলিশের এক আধিকারিক। গত রবিবার এই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনেছে ইজরায়েলের মানবাধিকার সংগঠন বি’ৎসেলেম। যেখানে দেখা যাচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ির দিকে চিৎকার করতে করতে এগিয়ে যাচ্ছেন ইজরায়েলের এক পুলিশ আধিকারিক। উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে ওই পুলিশ আধিকারিক কোমরের বেল্ট থেকে একটি স্টান গ্রেনেড বের করে তা গাড়ির মধ্যে ছুড়ে দেন। এই অবস্থায় চালক গাড়ি থেকে বেরিয়ে আসার চেষ্টা করলে পুলিশ আধিকারিক জোর করে বন্ধ করে দেন গাড়ির দরজা।
রাস্তা দিয়ে যাওয়ার সময় প্যালেস্তিনীয়দের একটি গাড়ি থামিয়ে তার মধ্যে গ্রেনেড ছোড়েন ইজরায়েলের বর্ডার পুলিশের এক আধিকারিক।
সেই মুহূর্তেই ব্যাপক বিস্ফোরণের সঙ্গে ফেটে যায় বোমাটি। ধোঁয়ায় ভরে যায় চারদিক। গাড়ির অন্যদিকের দরজা দিয়ে পড়িমড়ি করে ছুটে বেরিয়ে আসেন দুই আরোহী। ইজরায়েলের ওই মানবাধিকার সংগঠনের মতে, অত্যন্ত মর্মান্তিক এই হামলা হলেও গাড়ির সকল আরোহী জীবিত রয়েছেন। এদিকে ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠেছে। ঘটনায় ইজরায়েল পুলিশের তরফে জানানো হয়েছে, 'এই ধরনের আচরণ সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে ওই পুলিশ আধিকারিককে।
উল্লেখ্য, স্টান গ্রেনেড হল এমন এক অস্ত্র যা বিস্ফোরিত হলে কান ফাটানো শব্দের সঙ্গে তীব্র আলোর ঝলকানি দেখা যায়। এর তীব্রতা এতটাই যে সাময়িকভাবে মানুষ হতবিহ্বল হয়ে যান। বুঝতে পারেন না ঠিক কী ঘটেছে। খুব কাছ থেকে এটি বিস্ফোরিত হলে গুরুতর আহত হওয়ার সম্ভাবনা। এদিকে প্যালেস্টাইনের স্বাস্থ্যমন্ত্রকের মতে, শরণার্থীশিবিরের ওই একই অভিযানের সময় ইজরায়েল সেনার গুলিতে ওয়ালিদ আবু স্নেনেহ নামের এক ১৬ বছরের কিশোর নিহত হয়েছে। আহত হন আরও তিন জন। ইজরায়েল সেনার গুলিতে জখম হয়েছে প্যালেস্টাইনের দুই শিশুও।
