তিনি দেশের হয়ে ক্রিকেট খেলেছেন। মুখে বারবার ভারতের সঙ্গে সখ্য স্থাপনের কথা বলেন। দু'দেশের সম্পর্ক স্বাভাবিক করার আর্জি বারবার জানাতে শোনা গিয়েছে। অথচ সেই শোয়েব আখতারের বাড়িতে ভারত বিরোধী তথা সরাসরি জঙ্গি কার্যকলাপে জড়িতদের আনাগোনা। প্রাক্তন পাক পেসারের দাদার শেষকৃত্যে দেখা গেল লস্করের রাজনৈতিক শাখার প্রথম সারির নেতাদের। এমনকী, পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড সইফুল্লা কসুরিকেও দেখা গিয়েছে ভাইরাল ভিডিও-তে।
শোয়েব আখতারের দাদা শাহিদ আখতারের শেষকৃত্যের ছবি-ভিডিও প্রকাশ্যে এসেছে। ওই ছবি-ভিডিওগুলিতে দেখা যাচ্ছে পাকিস্তান মরকজি মুসলিম লিগের প্রথম সারির নেতাদের। ওই পাকিস্তান মরকজি মুসলিম লিগ আসলে লস্করেরই রাজনৈতিক শাখা। পাকিস্তানের সর্বশেষ নির্বাচনে তারা অংশও নিয়েছিল। PMML-এর সাধারণ সম্পাদক আবদুল্লা তুর, জোনাল সাধারণ সম্পাদক হাফিজ উমর, খিদমত কমিটির চেয়ারম্যান আমজাদ ভাট্টিদের দেখা গিয়েছে ওই ছবি-ভিডিওতে। এদের অনেকেই হাফিজ সইদের ঘনিষ্ঠ বলে খবর।
আরও উদ্বেগের বিষয় হল, আখতারের দাদার শেষকৃত্যে দেখা গিয়েছে লস্কর জঙ্গি সইফুল্লা কসুরিকেও। ওই কসুরি আসলে লস্করের মূল সংগঠনের অন্যতম প্রধান মুখ। গত বছর পহেলগাঁও-তে নিরীহ পর্যটকদের উপর হামলায় যে সব জঙ্গিরা সরাসরি জড়িত ছিল, তাদের মধ্যে অন্যতম ওই কসুরিও। যদিও পাকিস্তান এদের কাউকেই জঙ্গি হিসাবে মানতে নারাজ।
আখতারের দাদা শাহিদ দিন তিনেক আগে মারা যান। শুক্রবার তাঁকে ইসলামাবাদের H-8 সমাধিক্ষেত্রে সমাহিত করা হয়। পারিবারিক অনুষ্ঠানে লস্কর জঙ্গিদের উপস্থিতি নিয়ে কোনও প্রতিক্রিয়া আখতারের পরিবারের তরফে মেলেনি। তবে এই ঘটনা ভারতের জন্য রীতিমতো উদ্বেগের।
