ভারতকে ‘নরকে’র সঙ্গে তুলনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই প্রসঙ্গ ওঠায় মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও দিল্লিতে বসে যে মন্তব্য করেছেন তা নিয়ে বিতর্ক অব্যাহত। প্রশ্ন উঠছে, এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি কি নিজের 'বস'কেই বোকা বলে বসেছেন? পরে সোশাল মিডিয়ায় থেকে পোস্টটিও মুছে ফেলতে দেখা গিয়েছে তাঁকে। যা থেকে পরিষ্কার, এই বিষয়ে রীতিমতো অস্বস্তিতে পড়তে হয়েছে তাঁকে।
ঠিক কী বলেছিলেন রুবিও? ট্রাম্পের ওই মন্তব্য প্রসঙ্গে তিনি পালটা প্রশ্ন করেন, “কোন মন্তব্য? কে করেছিলেন?” তখনই ট্রাম্পের ‘নরক’ মন্তব্যের কথা তুলে ধরেন ওই সাংবাদিক। শুনে রুবিও “সমাজমাধ্যম এবং অন্যান্য জায়গায় অনেকেই অনেক মন্তব্য করেন। কারণ পৃথিবীর প্রতিটি দেশেই বোকা লোক আছে। আমেরিকাও তার ব্যতিক্রম নয়। এখানেই বোকা লোকজন আছেন, যাঁরা সারাক্ষণ নির্বোধের মতো মন্তব্য করেন।” তাঁর এই বক্তব্য মার্কিন বিদেশ দপ্তরের এক্স হ্যান্ডল থেকেও পোস্ট করা হয়। কিন্তু পরে দেখা যায় পোস্টটি আর নেই। সম্ভবত দপ্তরের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছিল যে, রুবিও ট্রাম্পের উদ্দেশেই এমন মন্তব্য করেছেন।
রুবিও ঠিক কাকে ‘বোকা’ হিসেবে উল্লেখ করছিলেন তা অবশ্য নিশ্চিত নয়। কিন্তু ওয়াকিবহাল মহল মনে করছে, ট্রাম্পের মন্তব্যগুলোকেই পরোক্ষে ‘নির্বোধ’ হিসেবে আখ্যায়িত করেছেন রুবিও। অতীতে তাঁর সঙ্গে ট্রাম্পের গোলমালের কথা স্মরণ করেই এমন সিদ্ধান্তে দ্রুত আসতে পেরেছেন অনেকেই। তবে বিতর্ক এখানেই শেষ হয়নি। দেশে ফেরার পর একজন মার্কিন সাংবাদিক এই প্রসঙ্গে রুবিওকে চেপে ধরেন। তখন ওই প্রশ্নের মুখে রুবিও বলেন, ''আমি জানতাম না ওই সাংবাদিক কার কথা বলছিলেন। আমার ধারণা ছিল উনি সম্ভবত অনলাইনে বিভিন্ন বিষয় পোস্ট করা মানুষদের কথাই বলছিলেন।''
এমনটা বলার পরও বোধহয় রুবিও বুঝতে পারছিলেন, তাঁর এই মন্তব্যটি হয়তো যথেষ্ট নয়। তাঁকে বলতে শোনা যায়, ''প্রেসিডেন্ট যদি না চাইতেন যে আমি এখানে থাকি, তবে আমি এখানে থাকতাম না।'' এভাবেই ট্রাম্পের প্রশংসা করে ব্যাপারটি তিনি ধামাচাপা দিতে চাইলেও ওয়াকিবহাল মহল মনে করছে, রুবিও মনে মনে ভালোই জানেন তিনি কার উদ্দেশে 'নির্বোধ' কথাটি ব্যবহার করেছিলেন।
