shono
Advertisement
Asim Munir

জেনেভায় শান্তিচুক্তির সময় আসিম মুনিরকে হত্যার ছক মোসাদের, বিস্ফোরক দাবি সাংবাদিকের

Published By: Kishore GhoshPosted: 09:14 PM Jun 24, 2026Updated: 09:37 PM Jun 24, 2026

প্রথম থেকেই আমেরিকা-ইরান শান্তিচুক্তির মধ্যস্থতা করছে পাকিস্তান। সেই সূত্রে চুক্তির স্বাক্ষরের জন্য সুইজারল্যান্ডের জেনেভা শহরে ছিলেন পাক সেনাপ্রধান আসিম মুনিরও। সেখানেই তাঁকে হত্যার পরিকল্পনা করেছিল ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ! যদিও ষড়যন্ত্র বাস্তবায়িত করতে পারেনি তারা। এমন বিস্ফোরক দাবি করলেন ব্রাজিলের সাংবাদিক ও ভূ-রাজনৈতিক বিশেষজ্ঞ পেপে এসকোবর। যদিও এই দাবি মানতে নারাজ ইসলামাবাদ।

Advertisement

ইরান-আমেরিকা প্রথম শান্তি আলোচনা হয়েছিল পাকিস্তানের রাজধানী শহরে। চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের জন্য ইরান-আমেরিকা ও মধ্যস্থতাকারী পাকিস্তানের শীর্ষ আধিকারিকরা উপস্থিত হয়েছিলেন আল্পসের পাদদেশে জেনেভা শহরে। পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের মতোই সেখানে ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। সেখানেই মুনিরকে হত্যার পরিকল্পনা করেছিল মোসাদ, একটি পডকাস্টের সাক্ষাৎকারে এই চাঞ্চল্যকর দাবি করেছেন ব্রাজিলের সাংবাদিক পেপে এসকোবর। যিনি সমাজমাধ্যমে পরিচিত মুখ।

এসকোবর দাবি করেছেন, মুনির এবং পাকিস্তানের অন্য প্রতিনিধিদের হত্যাকাণ্ড রুখে দিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর গুপ্তচর সংস্থা। আগেই এই বিষয় খবর পেয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিল তারা। সেই কারণে বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। এসকোবর বলেন, "পাকিস্তানি সামরিক বাহিনী অত্যন্ত নির্ভরযোগ্য তথ্য পায় যে, নেতানিয়াহুর নির্দেশে মোসাদ আসিম মুনির এবং সুইজারল্যান্ডগামী অন্য পাকিস্তানি প্রতিনিধিদের হত্যার প্রস্তুতি নিচ্ছে।" ব্রাজিলের সাংবাদিকের দাবি পাকিস্তান উড়িয়ে দিলেও এই বিষয়ে মুখ খোলেনি ইজরায়েল।

প্রসঙ্গত, বারবার আন্তর্জাতিক কূটনীতিতে মধ্যস্থতাকারী হিসাবে পাকিস্তানের ভূমিকা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছে ইজরায়েল। আমেরিকা ও ইরানের মধ্যে পাকিস্তানের সেতুবন্ধনের সাম্প্রতিক ভূমিকা নিয়ে তাদের বক্তব্য, ইজরায়েল পাকিস্তানকে বিশ্বাস করে না। তারা সতর্কতার সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক অবস্থান লক্ষ্য রাখে। এই বিষয়ে ভারতে নিযুক্ত ইজরায়েলি রাষ্ট্রদূত রুভেন আজার মন্তব্য করেন, “এমন কিছু দেশ আছে, যারা মনে করে, শান্তির অর্থ হল এমন একটি পরিস্থিতি তৈরি করা, যেখানে ইজরায়েলের কোনও অস্তিত্ব থাকবে না।” সম্প্রতি তিনি দাবি করেন, পাকিস্তান ও বাংলাদেশে হামাসপন্থী কার্যকলাপ চলছে। বিষয়টিকে কড়া নজরে রেখেছে তেল আবিব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement