মায়ের মন। সন্তান যারই হোক না কেন, কচি গলার কান্না শুনলে মায়ের মন উতলা হয়। আপন-পর বিচার না করেই তখন শিশুদের সামলাতে ব্যস্ত হয়ে পড়েন তাঁরা। সেরকমই এক মমতাময়ী মায়ের উদাহরণ সীতা বাদি। পরিচয়, দেশের মন্ত্রী। কিন্তু ছোট্ট শিশুর কান্না শুনে তিনি এগিয়ে এলেন। কোলে নিয়ে স্তনপান করালেন। সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
ঘটনাটি ঘটেছে নেপালের এক হোমে। বিভিন্ন জায়গা থেকে শিশুদের উদ্ধার করে ওই হোমে রাখা হয়। সেখানেই পরিদর্শনে গিয়েছিলেন নেপালের মহিলা, শিশু এবং প্রবীণ নাগরিক মন্ত্রী সীতা। অভিযোগ, অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হচ্ছে নবজাতকদের। নোংরা বিছানা, মেঝেতে থইথই করছে বৃষ্টির জল-এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই কাঠমান্ডুর ওই হোমটি পরিদর্শনে গিয়েছিলেন সীতা। ওই হোমের অধিকাংশ শিশুই অসুস্থ, এমনটাই জানা গিয়েছে।
মন্ত্রী যখন ঘরে ঢুকেছেন, তখনই কেঁদে ওঠে মাত্র ১৭ দিন বয়সি একটি শিশু। খিদের জ্বালায় কাঁদছে একরত্তি, অথচ হোমে স্তন্যদুগ্ধ নেই এক ফোঁটাও। সঙ্গে সঙ্গে এগিয়ে আসেন সীতা। শিশুকন্যাটিকে কোলে নিয়ে ওই হোমের বিছানাতে বসেই দুধ খাওয়াতে থাকেন। মন্ত্রীর মধ্যেই যেন মায়ের স্নেহ পেয়েছিল একরত্তি। দুধ খাওয়ার পর সীতার কোলেই ঘুমিয়ে পড়ে শিশুটি। মন্ত্রী বললেন, "ওকে যখন কোলে নিলাম, মনে হল ও তো আমার নিজেরই সন্তান। এখন থেকে আমিই ওর মা।" এই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
ওই হোমে ১৫ দিন থেকে ২ বছর পর্যন্ত বয়সের অন্তত ২০টি শিশু রয়েছে। তাদের যেন সঠিক দেখভাল হয়, নির্দেশ দিয়েছেন সীতা। তারপরই হোম ঢেলে সাজানো শুরু হয়েছে। উল্লেখ্য, সীতা নিজেও এমন হোম থেকেই মানুষ হয়েছেন। ১২ বছর বয়সে হোম থেকেই পড়াশোনা করে আজ তিনি নেপালের মন্ত্রী হয়েছেন। যেভাবে ছোট্ট শিশুকে নিজে স্তন্যপান করিয়েছেন সীতা, সেই দেখে কুর্নিশ জানাচ্ছে নেটদুনিয়া।
