আমেরিকার (US) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মধ্যপ্রাচ্যে পৌঁছে গিয়েছে প্রায় সাড়ে তিন হাজারেরও বেশি মার্কিন সেনা। ইরানে (Iran) অন্তিম আঘাত চালাতে স্থল অভিযান চালাবে ওয়াশিংটন। বর্তমানে তার প্রস্তুতি চালাচ্ছে পেন্টাগন। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার পালটা ইরানের সেনা প্রধান আমির হাতামি হুমকি দিলেন, "আমাদের ভূখণ্ডে প্রবেশ করলে একজনও শত্রুসৈন্য বাঁচবে না।"
ইরানের জোরাল আঘাত হানতে ‘জলদানব’ ইউএসএস ত্রিপোলিকে মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে আমেরিকা। জানা গিয়েছে, সেটিতে রয়েছে প্রায় ২৫০০ মেরিন সেনা (নৌসেনা)। স্যাটেলাইট ইমেজ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এক সপ্তাহ আগে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস ত্রিপোলিকে দক্ষিণ চিন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে রওনা হতে দেখা গিয়েছে। এর পাশাপাশি দেখা গিয়েছে আরও দুই যুদ্ধ (War) জাহাজকে। তবে সূত্রের খবর, ইতিমধ্যেই নাকি ত্রিপোলি পৌঁছে গিয়েছে নিজের গন্তব্যে। যদিও ইরানে মার্কিন সেনার প্রবেশের বিষয়টিতে এখনও সিলমোহর দেননি ট্রাম্প। শেষ মুহূর্তে পরিস্থিতি পর্যালোচনা চলছে বলেই খবর।
এই জল্পনার মধ্যেই দিন দুই আগে ইরানের ইসলামীক গার্ড কর্পস হুমকি দিয়েছিল, ‘আসুন, আমরা আপনাদের অপেক্ষায় রয়েছি।’ এবার স্থলপথে মার্কিন হানার বিষয়ে সেনাপ্রধান আমির হাতামি দেশটির সরকারি চ্যানেলে মন্তব্য করলেন, যদি মার্কিন সেনারা ইরানে প্রবেশ করে, তবে আক্রমণকারীদের “একজনও” বাঁচবে না। এইসঙ্গে তিনি জোর দিয়ে বলেন যে সব ধরনের হামলার জন্য তেহরান প্রস্তুত আছে। হাতামির কথায়, "আমাদের দেশ থেকে যুদ্ধের কালো ছায়া সরাতে হবে। সকলের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এক স্থান নিরাপদ থাকবে আর অন্য স্থান অনিরাপদ, এটা হতে পারে না।"
