shono
Advertisement

Breaking News

Imran Khan

'গুমঘরে' শাস্তিভোগে ইতি, এবার পরিবারের সঙ্গে দেখা করবেন ইমরান! পাবেন সংবাদপত্র-বই, নির্দেশ পাক আদালতের 

অতীতে আদালত একাধিক নির্দেশিকা দিলেও অদৃশ্য অঙ্গুলি হেলনে তা মানা হয়নি বলেই অভিযোগ। এই অবস্থায় আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্টকে ১৫ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলেছে ইসলামাবাদ হাই কোর্ট।
Published By: Kishore GhoshPosted: 04:52 PM Sep 01, 2026Updated: 05:12 PM Sep 01, 2026

জেলে থাকলেও 'গুমঘরে' একান্তবাস নয়। পরিবারের ঘনিষ্ট সদস্যদের সঙ্গে দেখা করতে পারবেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। নতুন করে নির্দেশিকা জারি করল ইসলামাবাদ হাই কোর্ট। বলা বাহুল্য, নয়া নির্দেশিকায় স্বস্তি পেলেন ইমরান (Imran Khan) এবং তাঁর পরিবার। মঙ্গলবার আদিয়ালা জেল কর্তৃপক্ষকে আদালত নির্দেশ দিয়েছে, আইন মেনে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটারকে সঙ্গে তাঁর স্ত্রীর সাক্ষাতের ব্যবস্থা করতে হবে। যদিও প্রশ্ন উঠছে, শাহবাজ প্রশাসন আদৌ এই নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালন করবে তো?

Advertisement

দুর্নীতি-সহ একাধিক মামলায় দোষী সাব্যস্ত ৭৩ বছরের ইমরান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে সাজা ভোগ করছেন। পাক প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ, ইমরানের সঙ্গে তাঁর পরিবারের ঘনিষ্ট সদস্যদেরও দেখা করতে দেওয়া হচ্ছে না। কার্যত আইন উড়িয়ে 'একান্তবাস' রাখা হয়েছে তাঁকে। এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন ইমরানের বোন আলিমা খান। এছাড়াও আরও একটি মামলা দায়ের করেন বুশরা বিবির মেয়ে মুবাশারা খাওয়ার মানেকা।

শুনানি শেষ বিচারপতি খাদিম হুসেন সুমরো নির্দেশ দিয়েছেন, কারাবিধি মেনে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার অনুমতি দিতে হবে ইমরানকে। এছাড়াও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতার সঙ্গে তাঁর ছেলেদের টেলিফোনে কথোপকথনের ব্যবস্থাও করতে হবে জেল কর্তৃপক্ষকে। উল্লেখ্য, ইমরানের চিকিৎসায় গাফিলতি হচ্ছে বলে বারবার অভিযোগ উঠেছে। এই বিষয়ে সম্প্রতি সরব হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের ২১ জন অধিনায়ক। তাঁরা চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকেও। এই বিষয়টিতেও নির্দেশ দিয়েছে ইসলামাবাদ হাই কোর্ট।

আদিয়ালা কারাগার কর্তৃপক্ষকে বিচারপতি নির্দেশ, তারা যেন ইমরানকে প্রতিদিন সংবাদপত্র ও বই সরবরাহ করে। এইসঙ্গে কারাবিধি মেনে প্রয়োজন অনুযায়ী পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর চিকিৎসার ব্যবস্থা করতে হবে। উল্লেখ্য, অতীতে আদালত একাধিক নির্দেশিকা দিলেও অদৃশ্য অঙ্গুলি হেলনে তা মানা হয়নি বলেই অভিযোগ। এই অবস্থায় আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্টকে আদালত বলেছে, যাবতীয় নির্দেশিকা মানা হচ্ছে কিনা আগামী ১৫ দিনের মধ্যে সেই রিপোর্ট দাখিল করতে হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement