নিরাপত্তা বলয় ভেদ করে আচমকা রানওয়েতে প্রবেশ করছিলেন ওই যুবক। তাতেই ঘটে গেল বিপত্তি। রানওয়ে ধরে ছুটে আসা এক বিমানের ধাক্কায় মৃত্যু হল তাঁর। শুধু তা-ই নয়, দুর্ঘটনায় যুবকের দেহ টুকরো টুকরো হয়ে যায় বলেও খবর। এয়ার ট্রাফিক কন্ট্রোল অডিওতে ঘটনার মুহূর্তে পাইলটের কিছু কথা ধরে পড়েছে। যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, “আমরা এখনই একজনকে মেরেছি।” সূত্রের খবর, বিমানের যাত্রীদের উদ্দেশেও তিনি এই ঘোষণা করেন। এরপরই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। উড়ানের ভিতর কার্যত হুলস্থুল পড়ে যায় বলে খবর।
ঘটনাটি আমেরিকার ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরের। গত শুক্রবার রাতে ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের একটি বিমান লস অ্যাঞ্জেলসের উদ্দেশে রওনা দিয়েছিল। বিমানটি নির্ধারিত সময়েই ছাড়ে। রানওয়েতে ছুটে যাওয়ার সময়ই দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, রাতের অন্ধকারে নিরাপত্তা বেষ্টনী ভেদ করে ওই যুবক রানওয়েতে চলে আসে। রাত ১১টা ১৯মিনিট নাগাদ তিনি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার জেরে তাঁর দেহ টুকরো টুকরো হয়ে যায় বলে খবর।
দুর্ঘটনার পর এয়ার ট্রাফিক কন্ট্রোল অডিও রেকর্ডিং প্রকাশ্যে আসতেই হুলস্থুল পড়ে গিয়েছে। হাড়হিম ঘোষণায় পাইলটকে বলতে শোনা গিয়েছে, "রানওয়ের উপরই আমরা বিমান থামাতে বাধ্য হচ্ছি। কারণ, একজনকে আমরা মেরেছি। বিমানের ইঞ্জিনে আগুন লেগে গিয়েছে।" জানা গিয়েছে, দুর্ঘটনার সময় বিমানের গতি ছিল প্রতি ঘণ্টায় ১৪৯ মাইল। বিমানের ইঞ্জিনে আটকে যান ওই যুবক। কিন্তু নিহতের পরিচয় কী? কী কারণে তিনি আচমকা রানওয়ের দিকে ছুটে এলেন, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।
