১৫ জুন থেকে ফ্রান্সে বসেছিল জি৭ সম্মেলনের আসর। যা শেষ হয়েছে ১৭ জুন। আর এরপরই ফ্রান্সের রাজধানী প্যারিসে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। এখানেই ফ্রান্সের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্য-বৈঠক করবেন তিনি। মনে করা হচ্ছে, এই বৈঠকে ভারত-ফ্রান্স আর্থিক ও শিল্পগত সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হতে চলেছে।
জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে 'সেইন্ট-গোবেইন'-এর চেয়ারম্যান ও সিইও বেনোইট বেজিনের বৈঠক হবে। আলোচনায় পরিবেশবান্ধব উৎপাদন এবং টেকসই অবকাঠামোর উপরে আলোকপাত করা হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি রেল আধুনিকীকরণে সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখতে অ্যালস্টমের সিইও-র সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।
এছাড়াও 'মিস্ট্রাল এআই'-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও আর্থার মেনশের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বৈঠক করবেন তিনি। এছাড়াও সামুদ্রিক বাণিজ্য, বন্দর আধুনিকীকরণের মতো বিষয় নিয়ে মোদি আলোচনা করবেন 'সিএমএ সিজিএম' গ্রুপের চেয়ারম্যান ও সিইও রডলফ সাদের সঙ্গে। এই বৈঠকগুলির দিকে সাগ্রহে তাকিয়ে ওয়ারিবহাল মহল।
উল্লেখ্য, রাফালে যুদ্ধবিমান নিয়ে ফ্রান্সের সঙ্গে যৌথ নকশা, উন্নয়ন ও উৎপাদনের পথে এগোতে চায় ভারত। এবার বাণিজ্য জগতের নানা পরিধি ছুঁয়ে 'ফরাসি বিপ্লব' আনবেন প্রধানমন্ত্রী, আশা সেটাই।
বলে রাখা ভালো, গত মঙ্গলবার ফ্রান্সে পৌঁছন প্রধানমন্ত্রী। ভারত জি৭-এর স্থায়ী সদস্য না হলেও, বিশেষ আমন্ত্রিত দেশ হিসাবে নিয়মিতভাবে এই সম্মেলনে অংশগ্রহণ করে। এই বছর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জি৭ সম্মেলনে উপস্থিত থাকার জন্য মোদিকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে।
