সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণত নার্সারি বা নিচু ক্লাসের শিশুরা যেভাবে ঝগড়া করে, সেভাবেই বিবাদে মেতেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন। আমেরিকা-উত্তর কোরিয়ার উত্তপ্ত পরিস্থিতিকে এভাবেই ব্যাখ্যা করলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্জিও লাভরভ।
[হিন্দুদের হত্যা করে ‘মুক্ত’ হিন্দুস্থানের হুঙ্কার জাকির মুসার]
রাষ্ট্রসংঘ এবং বিশ্বের বিভিন্ন দেশের হুঁশিয়ারি সত্ত্বেও লাগাতার পরমাণু বোমা পরীক্ষা করে চলেছে উত্তর কোরিয়ার যুদ্ধবাজ নেতা কিম জং উন। আর সেকারণেই ট্রাম্প এবং কিম জং উনের মধ্যে তীব্র বাগযুদ্ধ অব্যাহত। শুক্রবার ট্রাম্পকে ‘মানসিকভাবে হতাশ একজন ভীমরতিগ্রস্ত বৃদ্ধ’ বলে উপহাস করেছেন কিম। সেই সঙ্গে আমেরিকার উদ্দেশে তাঁর আরও একদফা হুমকি, “মুখের মতো জবাব দেব।” প্রত্যুত্তর দিতে দেরি করেননি প্রেসিডেন্ট ট্রাম্পও। তিনি এদিনই টুইটারে কিমকে ‘পাগল’ বলে কামান দাগেন। সেই সঙ্গে তাঁর হুমকি, উত্তর কোরিয়ার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে, যা আগে কখনও হয়নি। বলেন, কিম জং উন নিশ্চিতভাবে একজন পাগল ব্যক্তি, যাঁর নিজের জনতার ক্ষুধা বা মৃত্যুতে কোনও কিছু যায় আসে না।
[দুর্গামূর্তিতেই অনাথ সুজিত খুঁজে চলেছে মা-বাবাকে]
দু’পক্ষের এই তীব্র বাক্য বিনিময় থামাতেই আসরে রাশিয়ার বিদেশমন্ত্রী লাভরভ। তিনি মনে করেন, দু’জনেরই মাথা গরম এবং দু’পক্ষকেই অবিলম্বে থামানো উচিত। লাভরভের কথায়, ‘উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র পরীক্ষা চুপ করে দেখে যাওয়া কখনই উচিত নয়, আবার কোরীয় উপদ্বীপে যুদ্ধের কোনও মানেই হয় না।’ দু’পক্ষকেই আলোচনায় বসার ডাক দেন তিনি। পাশপাশি বলেন, ‘চিনের সঙ্গে মিলে আলোচনার মাধ্যমে আমাদের এই অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। কিন্ডারগার্টেনের শিশুদের মতো লড়াই করলে হবে না। কারণ দু’জন শিশু লড়াই করলে তাদের থামানো মুশকিল হয়ে পড়ে।’
[মেয়েকে পিঠে নিয়েই মণ্ডপে যাবেন বাগডোগরার ‘উমা’]
এর আগে রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনে ভাষণ দিতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়ার সাম্প্রতিক হাইড্রোজেন বোমা পরীক্ষার প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, শেষ পর্যন্ত উত্তর কোরিয়াকে ধ্বংস করে দেওয়া ছাড়া আমেরিকার আর কোনও উপায় থাকবে না। মার্কিন প্রেসিডেন্টের এমন বচনে প্রচণ্ড ক্ষুব্ধ কিমের হুঁশিয়ারি, ট্রাম্পকে এই মন্তব্যের চরম মূল্য দিতে হবে। উত্তর কোরিয়ার একটি সংবাদপত্রে কিমের এই প্রতিক্রিয়া প্রকাশ করেছে। তিনি বলেছেন, ইতিহাসে ঘটেনি এমন কঠোর পদক্ষেপ করার কথা ওয়াশিংটনের বিরুদ্ধে ভাবা হচ্ছে। ট্রাম্পের ‘রকেট ম্যান’ কিম আরও বলেন, রাষ্ট্রসংঘের মঞ্চে মার্কিন প্রেসিডেন্ট মানসিক রোগীর মতো যেভাবে একটি সার্বভৌম রাষ্ট্রকে সম্পূর্ণ ধ্বংস করার অনৈতিক ইচ্ছে প্রকাশ করেছেন, তাতে সাধারণ মানুষ তাঁর বিচারবুদ্ধি ও কাণ্ডজ্ঞান নিয়েই প্রশ্ন তুলেছে। এর চরম মূল্য দিতে হবে তাঁকে। এর পাশাপাশি যোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারের সময় বারবার দাবি করেন, তিনি রাজনৈতিকভাবে অজ্ঞ এবং রাজনীতির বাইরের লোক। তাঁর এমন আচরণ সেই দাবিতেই সিলমোহর দিচ্ছে। তিনি আমেরিকার প্রেসিডেন্ট থাকার যোগ্য নন। উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিমের দাবি, প্রেসিডেন্ট ট্রাম্প উন্মাদ এবং একজন গ্যাংস্টার, আগুন নিয়ে খেলতে ভালবাসেন। তিনি রাজনীতিতে থাকার যোগ্যই নন। ভিমরতি ধরা বুড়ো, তাঁর কানে কথাই ঢোকে না, তাই কড়া পদক্ষেপের মধ্য দিয়েই তাঁকে বাগে আনতে হবে।
The post নার্সারির বাচ্চাদের মতো লড়ছে আমেরিকা ও উঃ কোরিয়া, বিদ্রুপ রাশিয়ার appeared first on Sangbad Pratidin.
