ভারতের পর আফগানিস্তানের বিরুদ্ধেও এফ ১৬ হারাল পাকিস্তান! শুক্রবার সকালে আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন পাক প্রতিরক্ষামন্ত্রী (Pakistan Afghanistan War)। তারপরেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে দাউদাউ করে জ্বলতে থাকা এফ ১৬ যুদ্ধবিমানের ভিডিও। আফগানিস্তানের পক্ষ থেকে বলা হয়, তারাই এই বিমানটি গুলি করে নামিয়েছে। কিন্তু সেই দাবি কি আদৌ সত্যি?
আফগানিস্তান ডিফেন্স নামে একটি ভেরিফায়েড এক্স হ্যান্ডেল থেকে এফ ১৬ ভেঙে পড়ার ভিডিও পোস্ট করা হয়। ওই পোস্টেও দাবি করা হয়, 'আমেরিকার তৈরি এফ ১৬ যুদ্ধবিমান যা পাক ফৌজ ব্যবহার করে, সেটা গুলি করে নামিয়েছে আফগান ফৌজ।' ওই বিমানে পাকিস্তানের পতাকা এবং ৮৫৫১০ নম্বরও দেখা গিয়েছে। এই ভিডিও হু হু করে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। তারপর থেকেই নেটিজেনদের চর্চা, অপারেশন সিঁদুরের সময়ে ভারতের আক্রমণে পাকিস্তানের এফ ১৬ ভেঙে পড়েছিল। আফগানিস্তানের বিরুদ্ধেও কি একই দশা হল পাক ফৌজের?
যদিও এফ ১৬ ভেঙে পড়ার দাবি খারিজ করে দিয়েছে গ্রক। সংস্থার তরফে বলা হয়, 'এই ভিডিও সত্য় নয়। ওই বিমানে পাকিস্তানের পতাকা থাকলেও সেটি এফ ১৬ নয়। কোনও বিশ্বাসযোগ্য সংবাদসংস্থার তরফ থেকেও নিশ্চিতভাবে এফ ১৬ ভেঙে পড়ার খবর জানানো হয়নি। সম্ভবত পাকিস্তানের বিমান ভেঙে পড়ার পুরনো কোনও ভিডিও প্রচার করা হচ্ছে। যে অ্যাকাউন্ট থেকে ভিডিও শেয়ার করা হয়েছে সেটাও আফগানিস্তান প্রশাসনের বৈধ অ্যাকাউন্ট নয়।'
উল্লেখ্য ভারতের বায়ুসেনা প্রধান অমরপ্রীত সিংহ গতবছর জানিয়েছিলেন, ‘‘পাকিস্তানের এফ-১৬ এবং জেএফ-১৭ শ্রেণির পাঁচটি যুদ্ধবিমান আমরা ধ্বংস করেছি। পাক নজরদারি বিমানও গুঁড়িয়ে গিয়েছে। ভারতের হামলায় পাকিস্তানের বেশ কিছু র্যাডার, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, রানওয়ে এবং হ্যাঙ্গার ধ্বংস হয়েছে।" অপারেশন সিঁদুরের সময়ে কেবল শত্রুর যুদ্ধবিমান ধ্বংসই নয়, ভারতীয় বায়ুসেনার আঘাতে পাকিস্তানের বেশ কিছু সামরিক পরিকাঠামোও ধ্বংস হয়েছে। অমরপ্রীত জানান, অপারেশন সিঁদুরের পর গোটা মিশনের চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। সেখানেই উঠে এসেছে এই তথ্য।
