shono
Advertisement

Breaking News

PM Modi

ভারতকে চাপ দিলে বিশ্বজুড়ে অশান্তি! মার্কিন শুল্কবাণের মধ্যেই মোদির 'ঢাল' পুতিন

শুল্কযুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে সংঘাতের আবহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বললেন, মোদির উপর অহেতুক চাপ সৃষ্টি করছে পশ্চিমি দেশগুলি। সেটার কারণেই বিশ্বজুড়ে তৈরি হচ্ছে অশান্তি।
Published By: Anwesha AdhikaryPosted: 11:14 AM Jun 05, 2026Updated: 11:14 AM Jun 05, 2026

'নতুন বন্ধু' আমেরিকা শুল্কবাণ ছুড়ছে। এমতাবস্থায় ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে ঢাল হয়ে দাঁড়াল 'পুরনো বন্ধু' রাশিয়া। শুল্কযুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে সংঘাতের আবহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বললেন, মোদির উপর অহেতুক চাপ সৃষ্টি করছে পশ্চিমি দেশগুলি। সেটার কারণেই বিশ্বজুড়ে তৈরি হচ্ছে অশান্তি। ইরানের সঙ্গে আমেরিকার সংঘাত এবং তার জেরে বিশ্বব্যাপী অর্থনীতির দুরবস্থার মধ্যে পুতিনের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Advertisement

সাংবাদিক সম্মেলনে পুতিন বলেন, "বিশ্বের সেরা অর্থনীতিগুলির মধ্যে অন্যতম ভারত। সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে সেখানে। আগামী দিনে ব্যাপক বৃদ্ধি দেখা যাবে ভারতীয় অর্থনীতিতে। এটা আচমকা একদিনে হয়নি। প্রধানমন্ত্র নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত সরকারের কঠোর পরিশ্রমের ফলে এটা সম্ভব হয়েছে।" পুতিন আরও বলেন, "জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে বিশ্বের অধিকাংশ দেশের সঙ্গেই ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে। সেটা অত্যন্ত উপযোগী পদক্ষেপ।"

নিজের বক্তব্যে নাম না করে আমেরিকাকে তুলোধোনা করেছেন পুতিন। তাঁর কথায়, "সকলেই জানে, ভারত এবং প্রধানমন্ত্রী মোদির উপর চাপ দেওয়া হচ্ছে। সেটা কিন্তু আখেরে আন্তর্জাতিক সম্পর্কের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। ভারতের উপর এহেন চাপ তৈরি করলে সেটা কোনও দেশের পক্ষেই শুভ নয়।" উল্লেখ্য, রাশিয়া থেকে ভারতের তেল আমদানি মোটেই ভালো চোখে দেখে না আমেরিকা। রুশ তেল কেনার শাস্তিস্বরূপ ভারতের উপর শুল্কও চাপিয়েছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন 'নির্দেশে' রুশ তেল কেনার পরিমাণও কমিয়েছে ভারত।

উল্লেখ্য, ভারতের উপর ফের ১২.৫ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপানোর প্রস্তাব করেছে আমেরিকা। মার্কিন আইনের ৩০১ ধারাকে হাতিয়ার করে ভারত-সহ মোট ৬০টি দেশের উপর এই শুল্ক চাপানোর প্রস্তাব দিয়েছে মার্কিন বাণিজ্য দপ্তর। মার্কিন আইন অনুযায়ী, জোরপূর্বক শ্রমের বিনিময়ে তৈরি পণ্যের আমদানিতে বাড়তি শুল্ক বসানো উচিত। সেই যুক্তি দেখিয়েই ভারতীয় পণ্যের উপর বাড়তি কর চাপানোর কথা ভাবছে মার্কিন প্রশাসন। এহেন পরিস্থিতিতে ভারতের পাশে থাকার বার্তা দিলেন পুতিন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement