লড়াইয়ের ময়দান ছাড়ব না। হাতের অস্ত্রও নামবে না। দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য আমরা প্রস্তুত। ইজরায়েলকে নরক বানানোর শপথ নিয়ে এমনটাই বললেন হেজবুল্লা প্রধান নাইম কাসেম। একইসঙ্গে তিনি জানিয়েছে, আমাদের সশস্ত্র বাহিনী এবং অস্ত্রশস্ত্র সম্পূর্ণ লেবাননের অভ্যন্তরীণ বিষয়। এগুলি নিয়ে কোনও সমঝোতা হবে না।
সূত্রের খবর, লেবানন সরকারের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতার জন্য পাঁচ দফার একটি রূপরেখাও উপস্থাপন করেছেন কাসেম। তার মধ্যে রয়েছে ইজরায়েলি আগ্রাসন বন্ধ করে লেবাননের সার্বভৌমত্ব সুরক্ষিত করা, ইজরায়েল দ্বারা লেবাননের অধিকৃত ভূখণ্ড পুনরুদ্ধার করে ইহুদি সেনাকে সেখান থেকে সরানো, বন্দিদের মুক্তি, দক্ষিণ লেবাননে বাস্তুচ্যুত নাগরিকদের ঘরে ফিরিয়ে এনে তাঁদের পুনর্বাসন নিশ্চিত করা। অন্যান্য দেশগুলিকে সতর্ক করে হেজবুল্লা প্রধান বলেন, “লেবাননের অস্ত্রশস্ত্র এবং সামরিক বিষয়বস্তুগুলি নিয়ে বাইরের কারও কোনও কথা বলার অধিকার নেই।”
সংবাদমাধ্যম ‘আল জাজিরা’র প্রতিবেদন অনুযায়ী, হেজবুল্লাহ প্রধান স্পষ্ট করেছেন, লেবাননের অভ্যন্তরীণ বিষয়গুলি নিয়ে বাইরের কারও কোনও ধারণা নেই। তিনি বলেন, “আমাদের দেওয়া পাঁচ দফা শর্ত যদি লেবানন সরকার মেনে নেয়, তাহলে আমাদের অভ্যন্তরীণ বিষয়গুলি নিয়েও কোনও সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবব।” একইসঙ্গে ইজরায়েলের সঙ্গে যে তিনি আলোচনার টেবিলে বসবেন না, সেকথাও স্পষ্ট করে দিয়েছেন।
