প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অন্যতম ভিত। এমনটাই মনে করেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। এক অনুষ্ঠানে সেই সম্পর্কের শক্তি নিয়ে মন্তব্য করতে দেখা গেল তাঁকে। জানালেন, ভোরবেলাতেও মোদিকে ফোন করতে চেয়েছিলেন ট্রাম্প!
সম্প্রতি মিয়ামিতে একটি অনুষ্ঠানে ট্রাম্প তাঁদের বলেন, মোদিকে ফোন করতে। সেই সময় তাঁকে জানানো হয়, আমেরিকায় এখন সন্ধ্যা হলেও ভারতে ভোর ৬টা। তা শুনে ট্রাম্প বলেন, ''উনি নিশ্চয়ই উঠে পড়েছেন। উনি আমারই মতো।'' যদিও সেই সময় ফোনটা করা হয়নি। তবু ট্রাম্পের মোদির সঙ্গে সম্পর্কের প্রতিফলন তাঁর এমন মন্তব্য থেকে হচ্ছে বলেই দাবি গোরের। তাঁর কথায়, ''যখন আপনি কারও খুব ভালো বন্ধু হন, তখন সবকিছু ওরকম নিয়ম মেনে করা যায় না। আর প্রেসিডেন্ট কিন্তু মোদিকে নিজের একজন বন্ধু বলেই মনে করেন।'' মোদির সঙ্গে সম্পর্ককে ট্রাম্প যে খুব গুরুত্ব দেন সেকথাও জানান তিনি।
উল্লেখ্য, ফ্রান্সে আয়োজিত জি-৭ সম্মেলনের ফাঁকেই পার্শ্ববৈঠকে মুখোমুখি হয়েছিলেন মোদি ও ট্রাম্প। তার আগে রাষ্ট্রনেতাদের উপস্থিতিতে আয়োজিত মধ্যাহ্নভোজে ট্রাম্প হালকা মেজাজে নিজের ও প্রধানমন্ত্রী মোদির স্বভাবের পার্থক্য তুলে ধরেন। বলেন, ”প্রধানমন্ত্রী মোদি যেমন শান্ত, স্থিতধী এবং অত্যন্ত দক্ষ ও কঠোর— আমি কিন্তু তেমন নই। ওঁর দিকেই তাকান আপনারা।” এরপর বহু প্রতীক্ষিত সেই বৈঠকে প্রধানমন্ত্রীকে প্রশংসায় ভরিয়ে দেন ট্রাম্প। একই সঙ্গে দেন একরাশ আশ্বাস।
বলেন, “ভারত-আমেরিকার সম্পর্ক চমৎকার। আর ঘনিষ্ঠ হওয়ার কোনও জায়গা নেই।” এরপরই মার্কিন প্রেসিডেন্ট বলেন, “ভারতের নেতা যদি মোদি হন, আর তাঁর নেতৃত্বে যদি সে দেশে হামলা হয়, তাহলে আমেরিকা সাহায্যের হাত বাড়িয়ে দেবে। দুই দেশের মধ্যে কোনও পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নেই। কিন্তু তা সত্ত্বেও আমেরিকা সাহায্য করতে পিছপা হবে না। তবে মোদি ছাড়া অন্য কেউ যদি নেতৃত্বে থাকেন, তাহলে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছি না।”
