shono
Advertisement
Karoline Leavitt

'আপনার মা...', ট্রাম্প-পুতিন বৈঠক নিয়ে প্রশ্ন তোলায় সাংবাদিককে তোপ ক্যারোলিনের

কী বললেন হোয়াইট হাউসের প্রেস সচিব?
Published By: Amit Kumar DasPosted: 11:19 AM Oct 21, 2025Updated: 11:54 AM Oct 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্প-পুতিন বৈঠক নিয়ে প্রশ্ন তোলায় সাংবাদিককে তুলোধনা করলেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট। সাংবাদিককে 'বামপন্থী হ্যাকার' বলে তোপ দাগার পাশাপাশি তাঁর পরিবারকেও গালিগালাজ করলেন ওই আধিকারিক। ঘটনা প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে।

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড সমালোচক হিসেবে পরিচিত হাফিংটন পোস্টের সাংবাদিক এসভি ডিটিই। সম্প্রতি হোয়াইট হাউসের প্রেস সচিব লেভিটকে মেসেজে তিনি প্রশ্ন করেন, 'হাঙ্গেরির বুদাপেস্টে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকের স্থান কে নির্বাচন করেছে?' এর পালটা লেভিট লেখেন, 'আপনার মা বেছে নিয়েছে ওই স্থান।' এরপর সোশাল মিডিয়ায় সেই কথোপকথনের একটি স্ক্রিনশট শেয়ার করেন লেভিট। সেই সঙ্গে লেখেন, 'রেফারেন্সের জন্য বলছি, 'হাফিংটন পোস্টের সাংবাদিক এসভি ডিটিই তথ্যের প্রতি আগ্রহী নন। তিনি আসলে বামপন্থী হ্যাকার। যিনি বছরের পর বছর ধরে প্রেসিডেন্ট ট্রাম্পকে আক্রমণ করে চলেছেন এবং লাগাতার আমার ফোনে ডেমোক্র্যাটপন্থী প্রচার চালাচ্ছেন।' একইসঙ্গে লেখেন, 'ডিটিই-র বার্তাগুলি দেখুন, এটি ট্রাম্প বিরোধী ব্যক্তিগত ডায়েরির মতো। সাংবাদিক হওয়ার ভান করা এই ব্যক্তিরা এই পেশার জন্য কলঙ্কজনক।'

উল্লেখ্য, প্রাথমিকভাবে ট্রাম্প ও পুতিনের বৈঠক হওয়ার কথা হলেও হোয়াইট হাউস এই বৈঠকের নির্দিষ্ট কোনও তারিখ বা স্থান এখনও নিশ্চিত করেনি। তবে আগামী দুই সপ্তাহের মধ্যে বুদাপেস্টে বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৫ আগস্ট আলাস্কায় অনুষ্ঠিত তাঁদের শেষ বৈঠক পুরোপুরি নিষ্ফল হওয়ার পর দ্বিতীয়বার বৈঠকে বসছেন তাঁরা। আলাস্কার বৈঠকে পুতিন ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন এবং ইউক্রেনে হামলার ঝাঁজ আরও বাড়ান। 

যুদ্ধ থামাতে দ্বিতীয় দফার বৈঠকের আগে ট্রাম্পের তরফে পরামর্শ দেওয়া হয়েছে ইউক্রেনের বিতর্কিত ডনবাস অঞ্চল রাশিয়া এবং ইউক্রেন নিজেদের মধ্যে ভাগ করে নিক। আপাতত যুদ্ধ থামাতে এটাই একমাত্র উপায় হিসেবে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট। সবমিলিয়ে ট্রাম্প-পুতিনের এই বৈঠকের দিকে তাকিয়ে গোটা বিশ্ব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্প-পুতিন বৈঠক নিয়ে প্রশ্ন তোলায় সাংবাদিককে তুলোধনা করলেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট।
  • সাংবাদিককে 'বামপন্থী হ্যাকার' বলে তোপ দাগার পাশাপাশি তাঁর পরিবারকেও গালিগালাজ করলেন ওই আধিকারিক।
  • ঘটনা প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে।
Advertisement