'যৌন কেচ্ছার ডায়েরি' এপস্টেইন ফাইল নিয়ে গোটা বিশ্বজুড়ে তোলপাড়। ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রু থেকে শুরু করে ভারতের মন্ত্রী হরদীপ সিং পুরী- সকলেরই নাম জড়িয়েছে এই কুখ্যাত ফাইলে। সদ্যপ্রকাশিত ফাইলে রয়েছে বিখ্যাত চিত্র পরিচালক মীরা নায়ারের নামও। তাঁর অপর পরিচয়, তিনি নিউ ইয়র্কে নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির মা। সেকারণেই এপস্টেইন ফাইলে নিজের নাম না থাকলেও তুমুল হেনস্তার শিকার হলেন জোহরান।
শুক্রবার মার্কিন বিচার দপ্তর এপস্টেইন মামলায় বেশ কিছু নতুন ফাইল প্রকাশ করেছে। সেখানেই মীরা নায়ারের নাম রয়েছে। যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত ম্যাক্সওয়েলের বাড়িতে আয়োজিত পার্টিতে গিয়েছিলেন ইন্দো-মার্কিন পরিচালক। মীরার নতুন ছবির প্রিমিয়ার এবং আফটার পার্টি ছিল বলেই এক ইমেলে দাবি করা হয়েছে। তবে তার চেয়ে বেশি কোনও তথ্য মেলেনি। ওই পার্টিতে মীরার সঙ্গে হলিউডের আরও অনেক তারকা ছিলেন বলেও জানা গিয়েছে।
এপস্টেইন ফাইলে মীরার নাম রয়েছে, সেটা প্রকাশ হতেই জনরোষের মুখে পড়েন নিউ ইয়র্কের মেয়র। তাঁর বাড়ি ঘিরে ধরেন আমজনতা। মাইক হাতে নিয়ে ক্রমাগত 'শেম শেম' ধ্বনি তুলতে থাকেন। ওই বিক্ষোভকারীদের কথায়, "তোমার মায়ের ব্যাপারে আমরা সব জানতে পেরে গিয়েছি। জোহরান, আমরা আগে তোমার সঙ্গে ছিলাম। তোমার হয়ে লড়াই করেছি। কিন্তু তুমি এখানে দাঁড়িয়ে আমাদের মিথ্যে বলেছ। আমাদের সমর্থন তুমি আর পাবে না। মিথ্যাবাদী জোহরান শেম শেম।" তবে গোটা বিষয়টি নিয়ে মামদানি মুখ খোলেননি। তবে তাঁর বাড়ি ঘিরে প্রবল জনরোষের ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল।
উল্লেখ্য, গত শুক্রবার আমেরিকার বিচার বিভাগের তরফে এপস্টেইন সংক্রান্ত ৩৫ লক্ষ পাতার একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এ ছাড়াও প্রকাশ করা হয়েছে অন্তত দু’হাজারটি ভিডিও এবং ১ লক্ষ ৮০ হাজার ছবি। যার ছত্রে ছত্রে রয়েছে ডোনাল্ড ট্রাম্প, এলন মাস্ক, বিল গেটসের মতো ধনকুবেরদের কেচ্ছা। প্রকাশিত এই ফাইলেই রয়েছে বেশ কিছু ইমেল। যেগুলি এপস্টেইন নিজেই নিজেকে পাঠিয়েছিলেন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামও রয়েছে বলে খবর ছড়িয়েছে। তবে এপস্টেইন ফাইলের এই তথ্য পুরোপুরি খারিজ করে দেওয়া হয়েছে বিদেশমন্ত্রকের তরফে।
