অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মার 'দায়িত্বজ্ঞানহীন' মন্তব্যে মুখ পুড়ল ভারতের। হিমন্তের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ করে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার পবন বাধেকে তলব করল তারেক রহমান সরকার। বৃহস্পতিবার পবন বাধেকে তলব করে সে দেশের বিদেশ মন্ত্রক। বাংলাদেশ বিদেশ মন্ত্রকের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) ইশরাত জাহান ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনারকে ঢাকার অবস্থান জানান।
সম্প্রতি হিমন্ত বিশ্ব শর্মা একটি ভারতীয় গণমাধ্যমে 'বাংলাদেশ বিরোধী' মন্তব্য করেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা সবসময়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যে পরিস্থিতি মহম্মদ ইউনুসের সময়ে ছিল, সেটাই যেন থাকে। (ভারত-বাংলদেশ) সম্পর্কের উন্নতি যেন না হয়। পুশ-ব্যাক প্রসঙ্গ তুলে হিমন্ত বলেন, রাতের অন্ধকারে বাংলাদেশ থেকে ভারতে পুশ-ব্যাক করা হয়।
এহেন গেরুয়া নেতার এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে বেজায় ক্ষুব্ধ হয়েছে ঢাকা। এই বিষয়ে নিজেদের অবস্থান জানাতেই ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার পবন বাধেকে ডেকে পাঠান বাংলাদেশ বিদেশ মন্ত্রকের মহাপরিচালক ইশরাত জাহান। সূত্রের খবর, বাংলাদেশ হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যকে বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য অবমাননাকর বলে অভিহিত করেছে। এইসঙ্গে বিষয়টি নিয়ে প্রবল অসন্তোষ প্রকাশ করেছে।
