উত্তর ২৪ পরগনার দুই পুরসভার দুই তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করল পুলিশ। দু'জনেই দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার দুই তৃণমূল নেতা। ভাটপাটা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তরুণ সাউ। নৈহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রঞ্জন কর্মকার। দু'জনকেই এদিন আদালতে তোলা হয়েছে।
নৈহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন কর্মকার এলাকার দাপুটে তৃণমূল নেতা হিসেবেই পরিচিত। রণ নামেই তিনি এলাকায় পরিচিত। তাঁর বিরুদ্ধে অবৈধ বালি তোলা থেকে জোর করে জমি দখল, হুমকি, তোলাবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে। রাজ্যের পালাবদলের পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। দীর্ঘদিন ধরে পুলিশ ওই তৃণমূল নেতার খোঁজ চালাচ্ছিল। শুক্রবার রাতে নৈহাটি থানার পুলিশ তাঁকে কল্যাণী এলাকা থেকে গ্রেপ্তার করে।
ভাটপাড়া পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তরুণ সাউও বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিলেন। তাঁর বিরুদ্ধে পুলিশকে মারধর করার অভিযোগ রয়েছে। এছাড়াও একাধিক দুষ্কৃতীমূলক কাজকর্মের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। বেশ কিছুদিন ধরেই তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। গতকাল, শুক্রবার রাতে খড়দহ থেকে তাঁকে গ্রেপ্তার করে ভাটপাড়া থানার পুলিশ। এদিন দু'জনকেই বারাকপুর আদালতে তোলা হয়। পুলিশ হেফাজতে রাখার আবেদন জানানো হয়েছে। তৃণমূল কাউন্সিলর তরুণ সাউকে এদিন পুলিশ কোমরে দড়ি পরিয়ে থানা থেকে বার করে প্রিজন ভ্যানে করে আদালতে নিয়ে যায়! সেই নিয়েও বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে।
