shono
Advertisement
Howrah

হাওড়ার মঙ্গলাহাটে বহুতলের ছাদ থেকে মাথায় পড়ল লোহার পাইপ, নিমেষে মৃত্যু ২ ব্যক্তির

ব্যবসার জিনিস বাড়ির ভিতরে রেখে বহুতলের বাইরে দাঁড়িয়েছিলেন দু'জন। সেখানে দাঁড়িয়েই চলছিল ব্যবসার লেনদেনের কথাবার্তা। সেইসময় বহুতলের উপর থেকে নিচে পড়ল লোহার পাইপ। আর তাতেই সব শেষ। মুহূর্তে প্রাণ চলে গেল দুই ব্যক্তির। ঘটনার আকস্মিকতায় ভীত, সন্ত্রস্ত উপস্থিত অন্যান্যরা।
Published By: Suhrid DasPosted: 02:24 PM Feb 10, 2026Updated: 03:07 PM Feb 10, 2026

ব্যবসার জিনিস বাড়ির ভিতরে রেখে বহুতলের বাইরে দাঁড়িয়েছিলেন দু'জন। সেখানে দাঁড়িয়েই চলছিল ব্যবসার লেনদেনের কথাবার্তা। সেইসময় বহুতলের উপর থেকে নিচে পড়ল লোহার পাইপ। আর তাতেই সব শেষ। মুহূর্তে প্রাণ চলে গেল দুই ব্যক্তির। ঘটনার আকস্মিকতায় ভীত, সন্ত্রস্ত উপস্থিত অন্যান্যরা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) পুরসভার অধীনে মঙ্গলাহাট এলাকায় ট্রেড সেন্টারে। মৃত দু'জনের নাম শেখ ইরফান ও খোকন।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, আজ, মঙ্গলবার বেলা সাড়ে ১২টা নাগাদ ওই ঘটনা ঘটেছে। পুরসভার পাশেই হাওড়া (Howrah) ট্রেড সেন্টার। ওই এলাকাতেই মঙ্গলাহাট বসে প্রতি সপ্তাহে। এদিন সকাল থেকে চলছিল হাটের কেনাবেচা। ওই হাটেই ব্যবসায়ী ও মুটিয়া হিসেবে দীর্ঘদিন ধরে রুজিরুটি চালাতেন শেখ ইরফান ও খোকন। বেলার দিকে ওই ট্রেড সেন্টারের গুদাম থেকে মালপত্র সরানোর কাজ করছিলেন ওই দু'জন।

১৩ তলা ওই বাড়ির ছাদে কোনও নির্মাণের কাজ হচ্ছিল বলে খবর। এদিকে ওই ট্রেড সেন্টার থেকে বেরিয়ে দু'জন ওই বাড়ির সামনেই কথা বলছিলেন বলে খবর। আরও কয়েকজন ছড়িয়েছিটিয়ে ছিলেন আশেপাশে। সেইসময় ঘটে ভয়াবহ দুর্ঘটনা। উপরে কাজ চলার সময় ছাদ থেকে মোটা, ভারী লোহার রড নিচে পড়ে। স্থানীয়রা জানাচ্ছেন, পাইপটি একদম শেখ ইরফান ও খোকনের উপর গিয়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় দু'জনই লুটিয়ে পড়েন রাস্তায়। ঘটনার আকস্মিকতায় ছুটোছুট শুরু করেন স্থানীয়রা। দ্রুত ওই দু'জনকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন, দু'জপ্নেই মারা গিয়েছেন।

ঘটনার খবর পেয়ে হাসপাতাল ও অকুস্থলে যায় হাওড়া থানার পুলিশ। দুই মৃতদেহই ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। কীভাবে উপর থেকে পাইপ নিচে পড়ে গেল? কোনও সতর্কতা মেনে কি কাজ হচ্ছিল না? মানুষের নিরাপত্তা কোথায়? সেই প্রশ্ন উঠেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে উপস্থিত হন হাওড়া পুলিশ কমিশনার আকাশ মাঘরিয়া। তিনি বলেন, "ঘটনার তদন্ত চলছে।  এ ব্যাপারে কোনও গাফিলতি থাকলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।" 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement