সোমনাথ রায়, নয়াদিল্লি: বাংলায় প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। বৃহস্পতিবার সন্ধ্যায় কংগ্রেস বাংলা-সহ বিভিন্ন রাজ্যের মোট ৫৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) বহরমপুরে প্রত্যাশিতভাবে অধীররঞ্জন চৌধুরীর উপরেই আস্থা রেখেছে কংগ্রেস। প্রার্থী তালিকায় রয়েছেন প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য, পুরুলিয়ায় নেপাল মাহাতোও।
বহরমপুর থেকে অধীররঞ্জন চৌধুরীই যে প্রার্থী হবেন, তা মোটের উপর নিশ্চিতই ছিল। বৃহস্পতিবার প্রার্থী তালিকা প্রকাশের পর সেই সম্ভাবনায় যেন সিলমোহর পড়ল। জঙ্গিপুরে হাতশিবিরের প্রার্থী মহম্মদ মুর্তাজা হোসেন (বকুল)। আবার রাজনৈতিক মহলে, রায়গঞ্জের প্রার্থী হিসাবে আলি ইমরান রামজের (ভিক্টর) নামই ঘোরাফেরা করছিল। হলও তাই। তিনি দুবারের ফরওয়ার্ড ব্লক বিধায়ক। রায়গঞ্জে তিনিই কংগ্রেসের প্রার্থী। হাসন থেকে জয়ী কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদ বীরভূমে হাতশিবিরের ভরসা।
[আরও পড়ুন: বিবাহিত মহিলাকে নিয়ে পালানোর শাস্তি! যুবককে জুতো চাটিয়ে মূত্রপান করানো হল মধ্যপ্রদেশে]
অনুব্রতহীন বীরভূমে তৃণমূলের তারকা প্রার্থী শতাব্দী রায়ই তাঁর মূল প্রতিপক্ষ। শতাব্দী আবার তিনবারের জয়ী সাংসদও। তাই লড়াই যে বেশ কঠিন, তা বলাই চলে। মালদহ উত্তরে কংগ্রেসের প্রার্থী মোস্তক আলম। মালদহ দক্ষিণের সাংসদ আবু হাসেম খান চৌধুরীকে এবার আর প্রার্থী করেনি কংগ্রেস। বদলে টিকিট দেওয়া হয়েছে তাঁর ছেলে ঈশা খান চৌধুরীকে। উত্তর কলকাতায় প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য, পুরুলিয়ায় নেপাল মাহাতোর নামও ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, খুব তাড়াতাড়ি যে বেশ কয়েকজন প্রার্থীর নাম ঘোষণা করবে হাতশিবির, সে ইঙ্গিত গত বুধবারই দিয়েছিলেন অধীররঞ্জন চৌধুরী। পুরুলিয়ার নেপাল মাহাতোও যে প্রার্থী হবেন, সে সম্ভাবনার কথাও জানিয়েছিলেন। অবশ্য তাতে বেজায় আপত্তি ছিল বাম শরিকদল ফরওয়ার্ড ব্লকের। আসন সমঝোতা নিয়ে জটিলতার মাঝেই ৮ আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। আগামিকাল বামেদের বৈঠক। কংগ্রেসের প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণার পর বৈঠকে কী সিদ্ধান্ত হয়, সেটাই এখন দেখার।
