shono
Advertisement
Bankura

টানা বৃষ্টিতে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত বাঁকুড়ার ৩, ঘুমন্ত অবস্থায় করুণ পরিণতি!

এলাকায় টানা বৃষ্টির কারণে বাড়ির মাটির দেওয়াল ভেঙে পড়েছে বলে অনুমান করা হয়েছে।
Published By: Jaba SenPosted: 05:36 PM Sep 02, 2026Updated: 06:11 PM Sep 02, 2026

টানা বৃষ্টির জেরে বাঁকুড়ায় দু'টি পৃথক ঘটনায় মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল মোট ৩ জনের। ৩ জনেই রাতে নিজেদের বাড়িতে ঘুমোচ্ছিলেন। সেই সময় বাড়ির দেওয়াল ভেঙে পড়ে। গতকাল রাতে সোনামুখী থানা এলাকায় মাটির দেওয়াল চাপা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়। অন্যদিকে, রাতেই সিমলাপালের কুশতোড়া গ্রামে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় এক দম্পতির। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Advertisement

সোনামুখী থানার কুন্ডপুষ্করিনী গ্রামে ছেলে ও পুত্রবধূর সঙ্গে মাটির বাড়িতে থাকতেন বেলি রুইদাস নামের এক বৃদ্ধা। গতকাল রাতে ব্যাপক বৃষ্টির জেরে বাড়ির দেওয়াল নড়বড়ে হয়ে পড়ে। বিপদ বুঝে বাড়ি থেকে বেরিয়ে আসেন দম্পতি। কিন্তু বাড়ি থেকে বের করা যায়নি বৃদ্ধাকে। এরপর চোখের নিমেষে মাটির দেওয়ালটি বৃদ্ধার উপরে পড়ে যায়। এর জেরে মৃত্যু হয় ৭৬ বছর বয়সি ওই বৃদ্ধার। পরিবারের দাবি, বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দ মিললেও সেই টাকায় কাজ শেষ হয়নি। তাই মাটির বাড়িতেই থাকছিলেন পরিবারের ৩ সদস্য। মঙ্গলবার রাতে সেই বাড়ির দেওয়াল ভেঙে পড়েই মৃত্যু হল বৃদ্ধার। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে, সিমলাপালের কুশতোড়া গ্রামের আদিবাসী পাড়ায় থাকতেন এক দম্পতি। মঙ্গলবার রাতে সেই বাড়িতেই ঘুমোচ্ছিলেন তাঁরা। টানা বৃষ্টির জেরে মাটির দেওয়াল ভেঙে চাপা পড়েন পালকু বাস্কে ও সোমা বাস্কে। বুধবার বিষয়টি জানতে পেরে প্রতিবেশীরাই তাঁদের উদ্ধার করেন। খবর দেওয়া হয় সিমলাপাল থানায়। পুলিশের তরফে দু'জনকেই সিমলাপাল ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই দুর্ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত করেছে পুলিশ। মৃতদেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement