দিনে দুপুরে দুষ্কৃতী তাণ্ডব! মালদহের (Malda) চাঁচলে বিজেপি কর্মীকে কুপিয়ে খুনের চেষ্টা। এলোপাথারি অস্ত্রের কোপে গুরুতর জখম বিজেপি কর্মী কিরণ সাহা। ব্যাপক উত্তেজনা এলাকায়। প্রতিবাদে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির।
স্থানীয় সূত্রে খবর, আক্রান্ত বিজেপি কর্মীর নাম কিরণ সাহা। তিনি পেশায় চাঁচল মহকুমা আদালতের আইনজীবী। তিনি সক্রিয় বিজেপি কর্মী। যুক্ত রয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গেও। অভিযোগ, সোমবার সকালে তিনি বাজার করে ফেরার পথে বেশ কয়েকজন দুষ্কৃতী এসে অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই বিজেপি কর্মী। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পূর্বের আক্রোশ থেকেই এই হামলা বলে দাবি করেছেন বিজেপি কর্মী। তাঁর আরও বিস্ফোরক অভিযোগ, ওই দুষ্কৃতীর মাথায় হাত রয়েছে এক পুলিশ আধিকারিকের।
আক্রান্ত বিজেপি কর্মী কিরণ সাহার অভিযোগ, "কয়েক মাস আগে এলাকার এক মহিলাকে প্রকাশ্যে উত্যক্ত করার অভিযোগ ওঠে। সেই ঘটনার প্রতিবাদ করেছিলাম। পরে অভিযুক্ত হাবিবুর রহমানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগও করি।" পূর্বের আক্রোশ থেকেই এই হামলা বলে দাবি করেছেন বিজেপি কর্মী। তাঁর আরও বিস্ফোরক অভিযোগ, ওই দুষ্কৃতীর মাথায় হাত রয়েছে এক পুলিশ আধিকারিকের।
ঘটনার প্রতিবাদে হিন্দু সংগঠনের কর্মীরা আশাপুর রাজ্য সড়ক অবরোধ করেন। টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। থানার আইসির নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে আটক করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। তবে ঠিক কী কারণে হামলা, তা এখনও স্পষ্ট নয়।
