shono
Advertisement

Breaking News

Bangladesh Election 2026

বাংলাদেশে নির্বাচনের আগে বন্ধ পেট্রাপোল বাণিজ্য, তড়িঘড়ি দেশে ফিরছেন বাংলাদেশিরা

বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে যদি বড় কোন অশান্তি ঘটনা ঘটে, তার আঁচ যাতে কোনওভাবেই এদেশে না এসে পড়ে সেজন্য সতর্ক বিএফএফ।
Published By: Kousik SinhaPosted: 04:02 PM Feb 11, 2026Updated: 04:28 PM Feb 11, 2026

রাত পোহালেই বাংলাদেশের জাতীয় নির্বাচন ৷ নির্বাচনের কারণে বুধবার থেকেই দু'দেশের মধ্যে সীমান্ত বাণিজ্য বন্ধ হয়ে গেল ৷ শুনশান পেট্রাপোল সীমান্ত। এদিন দু'দেশের মধ্যে হাতে গোনা কয়েকজন যাত্রীকে যাতায়াত করতে দেখা গিয়েছে। বাংলাদেশে অশান্তির পর থেকেই দুই দেশের মধ্যে যাতায়াত কমেছে ৷ ভোটের দিন এগিয়ে আসায় সেই সংখ্যাও কমে গিয়েছে।

Advertisement

পেট্রাপোল বন্দর সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের অশান্তির ঘটনার পর থেকে দুদেশের মানুষের মধ্যে যাতায়াত অনেকটাই কমে গিয়েছিল ৷ চিকিৎসার প্রয়োজনে কিছু বাংলাদেশি ভারতে এলেও তার পরিমাণ ও খুবই কম ছিল। বাংলাদেশের নির্বাচন ঘোষণার পর চিকিৎসার প্রয়োজনে ভারতে আসা বহু যাত্রীকে বাংলাদেশের ফিরে যেতে দেখা যায়। মঙ্গলবার যশোরের বাসিন্দা শচীন হালদার সকাল সকাল পেট্রাপোলে এসেছিলেন বাড়ি ফিরে যাবার জন্য৷ তিনি বলেন, ''চিকিৎসা করাতে কলকাতায় এসেছিলাম ৷ আগামীকাল আমাদের দেশে নির্বাচন তাই বাড়ি ফিরে যাচ্ছি ভোট দেওয়ার জন্য।'' তবে এই নির্বাচনকে কেন্দ্র করে অশান্তির ঘটনা ঘটতে পারে আতঙ্কে রয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের ওই বাসিন্দা।

অন্যদিকে পেট্রাপোল বন্দরের মুদ্রা বিনিময় কেন্দ্রের ব্যবসায়ী জানিয়েছেন, মঙ্গলবার থেকে পেট্রাপোল বন্দরের সমস্ত দোকানপাট বন্ধ রাখতে বলা হয়েছে । পাশাপাশি পেট্রাপোল সীমান্তে বিএসএফে ও পুলিশের নজরদারি আরও জোরদার করা হচ্ছে। বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে যদি বড় কোন অশান্তি ঘটনা ঘটে, তার আঁচ যাতে কোনওভাবেই এদেশে না এসে পড়ে সেজন্য সতর্ক বিএফএফ। পেট্রাপোল ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ''বাংলাদেশের ভোটের কারণে বুধবার ও বৃহস্পতিবার বাণিজ্য বন্ধ থাকবে পাশাপাশি শুক্রবার ছুটি থাকে সে কারণে তিন দিন দুই দেশের মধ্যে বাণিজ্য বন্ধ থাকছে৷'' ব্যবসায়ীদের কথায় বাংলাদেশের নির্বাচনে যদি কোন বড়সড়ো অশান্তির ঘটনা ঘটে তাহলে ফের বাণিজ্য বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে৷

ভিড় নেই পেট্রাপোল সীমান্তে।

বাংলাদেশে অশান্তির পর থেকেই দু'দেশের মধ্যে বাণিজ্য কমেছে ৷ সমস্যায় পড়েছেন পেট্রাপোল বন্দরের বহু ব্যবসায়ী ৷ বাংলাদেশের পক্ষ থেকে একাধিক ভারত বিরোধী বক্তব্য রাখা হচ্ছে ৷ এরফলে সম্পর্কের ও যথেষ্ট অবনতি হয়েছে৷ এই অবস্থায় স্থানীয় ব্যবসায়ীদের দাবি। নির্বাচনের পর বাংলাদেশে দ্রুত নতুন সরকার আসুক ৷ ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত হোক। আগের গতিতেই ব্যবসা-বাণিজ্য চলুক দু'দেশের মধ্যে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement