shono
Advertisement
Abhishek Banerjee

চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা! ধৃত অভিষেক ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে 'চোর' স্লোগান

। রবিবার থানা থেকে আদালতে পেশ করতে নিয়ে যাওয়ার সময় রাজীবকে ঘিরে 'চোর চোর' স্লোগান ওঠে। ছোড়া হয় ডিমও।
Published By: Jaba SenPosted: 02:51 PM Aug 30, 2026Updated: 02:51 PM Aug 30, 2026

চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল নেতা রাজীব ঘোষাল। তিনি বাঁকুড়ার তৃণমূল নেতা হিসেবে পরিচিত। শনিবার কলকাতার দমদম এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে ধৃতকে আনা হয় বেলিয়াতোড় থানায়। রবিবার থানা থেকে আদালতে পেশ করতে নিয়ে যাওয়ার সময় রাজীবকে ঘিরে চোর চোর স্লোগান ওঠে। ছোড়া হয় ডিমও। বিজেপির অভিযোগ, চাকরির নাম করে প্রতারণার টাকা তৃণমূলের শীর্ষ স্তরের নেতাদের কাছেও পাঠাতেন রাজীব। তাঁদেরও গ্রেপ্তারির দাবি জানান বিজেপি নেতৃত্ব।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালে বেশ কয়েকজন চাকরিপ্রার্থীর থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছেন রাজীব। কিন্তু টাকা নেওয়ার পর চাকরি দেওয়া হয়নি। এমনকী টাকাও ফেরত দেওয়া হয়নি। রাজ্যে পালাবদলের পর রাজীবের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন প্রতারিতরা। এরপরই এলাকা থেকে পলাতক ছিলেন রাজীব। শনিবার কলকাতার দমদম এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে বেলিয়াতোড় থানার পুলিশ। রবিবার তাঁকে আদালতে পেশ করা হয়। এই ঘটনার পিছনে রাজীব ছাড়াও অন্য কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

রবিবার সকালে পুলিশ তাঁকে আদালতে নিয়ে যাওয়ার সময় থানার বাইরে জড়ো হন বিজেপি নেতা-কর্মীরা। রাজীবকে দেখেই তাঁরা ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন। ঘিরে ধরে বিক্ষোভও দেখানো হয়। ছোড়া হয় ডিম। যদিও তৃণমূল নেতার গায়ে ডিম লাগেনি। পরিস্থিতি সামাল দিতে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়। রাজীবের গ্রেপ্তারি ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে বাঁকুড়ায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement