shono
Advertisement

তমলুকের পঞ্চায়েত অফিস ভাঙচুর, ‘তৃণমূলের প্ররোচনায় হামলা’, তোপ শুভেন্দুর

একশো দিনের বকেয়া টাকার দাবিতে ভাঙচুর বলেই পালটা দাবি তৃণমূলের।
Posted: 08:48 PM Dec 06, 2023Updated: 08:49 PM Dec 06, 2023

সৈকত মাইতি, তমলুক: পঞ্চায়েত অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে তমলুকে। এই ঘটনায়  তৃণমূলের বিরুদ্ধে সাধারণ মানুষকে প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলে সরব বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তমলুকের উত্তর সোনামুই পঞ্চায়েত অফিসের সামনেই পালটা সভাও করে গেরুয়া শিবির।  যদিও তৃণমূলের দাবি, সাধারণ মানুষের একশো দিনের কাজের বকেয়া টাকার দাবিতেই তাণ্ডব চালিয়েছে। 

Advertisement

পঞ্চায়েত অফিস পরিদর্শন করে শুভেন্দু বলেন, “তৃণমূল ভোট লুট করত। আবাস যোজনার টাকা লুট করত। এভাবেই পঞ্চায়েত অফিসকে কাটমানি খাওয়ার দপ্তর করেছিল। কিন্তু আমরা দলের পঞ্চায়েত চাই না। জনগণের পঞ্চায়েত চাই। বিগত পঞ্চায়েত নির্বাচনে ভোট লুটের পরেও এই এলাকার মানুষ ভোট দিয়ে চোরেদের তাড়িয়েছেন। এবার ডাকাতদের তাড়াতে হবে। অন্ততপক্ষে চাকরি দেওয়ার নাম করে প্রায় ২০ কোটি টাকা তোলাবাজি করেছে এই এলাকার তৃণমূল নেতা সোমনাথ বেরা। ভোটের সময় তিন মাস জেলও খেটে এসেছে। পাইপ চুরি থেকে শুরু করে সমস্ত চুরির ঘটনায় ওর নাম রয়েছে। আর ওদের মতো নেতাদের উস্কানিতেই পঞ্চায়েত অফিস ভাঙচুর করেছে তৃণমূল। তাই উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনকে বলা হয়েছে। আর তা না হলে আগামী দিনে কয়েক হাজার মানুষকে সঙ্গে নিয়ে থানার সামনে বিক্ষোভ হবে।”

[আরও পড়ুন: চলন্ত গাড়িতে বেহুঁশ করে প্রাক্তন প্রেমিকাকে ‘ধর্ষণ’, পালটা অপহরণের অভিযোগ যুবকের]

উল্লেখ্য, গত পঞ্চায়েতে উত্তর সোনামুই পঞ্চায়েত দখল নিয়েছে বিজেপি। গ্রাম পঞ্চায়েতের সামনে তৃণমূল একটি সভা করেছিল। অভিযোগ, সেই সভা থেকে সোমনাথ বেরা ও গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা জাকির হোসেনের উস্কানিমূলক বক্তব্যের পর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অঞ্চল অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। প্লাস্টিকের চেয়ার, টেবিল চুরমার করে দেওয়া হয় বলেও অভিযোগ। যদিও এমন অভিযোগ ভিত্তিহীন বলেই পালটা দাবি তৃণমূলের। যার বিরুদ্ধে অভিযোগ সেই তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সোমনাথ বেরা বলেন, “এই ঘটনা আসলে মানুষের দীর্ঘদিনের যন্ত্রণাময় জীবনের ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।”

[আরও পড়ুন: কুকুরের কামড়ে জখম কমপক্ষে ৪৯ জন! তীব্র আতঙ্কে বাগদাবাসী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement