shono
Advertisement
Basirhat

ভিনরাজ্যে ফের বাংলার পরিযায়ী শ্রমিক খুন? মুম্বইয়ে রেললাইনের ধারে মিলল রক্তাক্ত দেহ

ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর ঘটনা ঘটছেই। শ্রমিকদের খুনের অভিযোগও উঠছে। ফের বাংলার এক শ্রমিকের রহস্যমৃত্যু! রেললাইনের পাড়ে মিলল যুবকের রক্তাক্ত মৃতদেহ। মৃতের নাম আলফাজ মণ্ডল। বাড়ি উত্তর ২৪ পরগনার বসিরহাটে।
Published By: Suhrid DasPosted: 05:38 PM Feb 04, 2026Updated: 07:19 PM Feb 04, 2026

ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর ঘটনা ঘটছেই। শ্রমিকদের খুনের অভিযোগও উঠছে। ফের বাংলার এক শ্রমিকের রহস্যমৃত্যু! রেললাইনের পাড়ে মিলল যুবকের রক্তাক্ত মৃতদেহ। মৃতের নাম আলফাজ মণ্ডল। বাড়ি উত্তর ২৪ পরগনার বসিরহাটে (Basirhat)। এদিন মৃতদেহ গ্রামে ফিরতেই কান্নার রোল ওঠে বাড়িতে। সঠিক তদন্তের দাবি তুলেছে পরিবার।

Advertisement

জানা গিয়েছে, বছর ২৪ বয়সের ওই যুবক স্বরূপনগর থানার বালতি মাঝেরপাড়ার বাসিন্দা। বেশ কয়েক বছর ধরেই পরিযায়ী শ্রমিক হিসেবে মুম্বইতে কর্মরত ছিলেন। এক ঠিকাদার সংস্থার অধীনে সে মুম্বই মেট্রো রেলের কাজ করতেন। শহরের সোমবার্গ এলাকায় তিনি অন্যান্যদের সঙ্গে থাকতেন। সোমবার কাজ শেষে রাতে ট্রেনে করে বাড়ি ফিরছিলেন বলে খবর। অভিযোগ, এরপরই ওই যুবক নিখোঁজ হয়ে যান।

গভীর রাতে রেললাইনের ধার থেকে ওই যুবকের রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে মুম্বই পুলিশ। পরে পরিচয় জানা যায়। মঙ্গলবার সকালে মুম্বই পুলিশ বসিরহাটের বাড়িতে ওই দুঃসংবাদ জানায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খবর শুনে মুম্বই পৌঁছয় মৃতের পরিবারের সদস্যরা। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। আজ, বুধবার মৃতদেহ স্বরূপনগরের বাড়িতে নিয়ে আসা হয়। পরিবারের তরফে অভিযোগ, নিছজ দুর্ঘটনা নয়। আলফাজকে 'খুন' করা হয়েছে। 

পরিবারের তরফে প্রশ্ন, ট্রেনে যেতে যেতে হঠাৎ কী এমন হল? কেনই বা নিখোঁজ হয়ে গেল? তারপর রক্তাক্ত মৃতদেহ রেললাইনের ধার থেকে উদ্ধার হল! রহস্য রয়েছে বলে পরিবারের তরফে দাবি। বাংলা ভাষায় কথা বলার জন্যই কি মৃত্যু হল আলফাজের? নাকি অন্য কোনও কারণ? সেই প্রশ্নও উঠছে। যদিও মুম্বই পুলিশ সূত্রে খবর ময়নাতদন্তের রিপোর্টে দুর্ঘটনায় মৃত্যুর উল্লেখ আছে। মহারাষ্ট্রের প্রশাসনের কাছে এই মৃত্যুর সঠিক তদন্ত করে সত্য উদ্ঘাটনের আবেদন জানিয়েছে মৃতের পরিবার। 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement