পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আর বেশিদিন বাকি নেই। ইতিমধ্যেই রাজ্যের সব জেলাতেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছেন। এই আবহে কয়েকদিন আগে মুর্শিদাবাদে কয়েকজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান একটি ইফতার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এই কারণে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করায় মোট ৭ জওয়ানকে সাসপেন্ড করে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। এরপরই এই বিষয়ে ফের একবার সতর্ক করে কড়া নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
যে পাঁচ রাজ্যে নির্বাচন রয়েছে সেখানে দায়িত্বে থাকা সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের আগেই জানানো হয়েছিল, ভোটের দায়িত্বে থাকা বাহিনীর সদস্যরা শুধুমাত্র নিজেদের বাহিনীর গাড়ি থেকে সরবরাহ করা খাবার, নির্বাচন কমিশন বা জেলা প্রশাসনের দেওয়া খাবারই খেতে পারবেন। এর বাইরে অন্য উৎস থেকে খাবার নেওয়া বা খাওয়া যাবে না। বিশেষ করে কোনও সাধারণ মানুষ বা কোনও রাজনৈতিক দলের তরফে দেওয়া খাবার খেতে পারবেন না তাঁরা। কোনও আতিথেয়তাও গ্রহণ করা যাবে না। কিন্তু মুর্শিদাবাদের ওই ৭ জওয়ান নিয়ম না মেনে একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। সেখানে কয়েকজন ব্যক্তির আতিথেয়তাও গ্রহণ করেছিলেন তাঁরা। সম্প্রতি সেই অনুষ্ঠানের কয়েকটি ছবি প্রকাশ্যে আসতেই তা কমিশনের নজরে আসে। এরপরই ওই ৭ জনকে মুর্শিদাবাদের নিরাপত্তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে।
কমিশনের তরফে জানানো হয়েছে, এই বিষয়ে কোনও রকম শিথিলতা দেখানো হবে না। এই নিয়ম ভাঙলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। কোনও ছবি বা প্রতিবেদনে এই নির্দেশ লঙ্ঘনের প্রমাণ মিললে সংশ্লিষ্ট জওয়ানের বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
