shono
Advertisement
CM Suvendu Adhikari

মুখ্যমন্ত্রী হয়ে নন্দীগ্রামে প্রথম জনসভা শুভেন্দুর, রবিতে হলদিয়াতেও প্রশাসনিক বৈঠক

মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার পরে নন্দীগ্রামে এটি তাঁর প্রথম সভা। সীতানন্দ কলেজ সংলগ্ন মাঠে সভা হবে। সভা ঘিরে চলছে জোরদার প্রস্তুতি।
Published By: Subhankar PatraPosted: 08:57 PM May 23, 2026Updated: 09:37 PM May 23, 2026

ফের জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার হলদিয়ায় প্রশাসনিক বৈঠকে বসবেন তিনি। জেলায় গিয়ে এটি তাঁর তৃতীয় প্রশাসনিক বৈঠক। জানা গিয়েছে, জেলাশাসক, মহকুমা শাসক-সহ জেলা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিক ও পুলিশ সুপার ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এই বৈঠকের আগে নন্দীগ্রামে যাওয়ার কথা রয়েছে তাঁর। মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে প্রথম জনসভা করবেন শুভেন্দু। 

Advertisement

 প্রশাসনিক সূত্রের খবর, হলদিয়ায় প্রশাসনিক সভার আগে রবিবার বিকেল ৪টা নাগাদ নন্দীগ্রামে যাবেন তিনি। সেখানে সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার পরে নন্দীগ্রামে এটি তাঁর প্রথম সভা। নন্দীগ্রাম সীতানন্দ কলেজ সংলগ্ন মাঠে সভা হবে। সভা ঘিরে চলছে জোরদার প্রস্তুতি।

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করেছেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার অংশুমান সাহা, নন্দীগ্রামের আইসি শুভব্রত নাথ, তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক মেঘনাদ পাল, বিজেপি নেতা অভিজিৎ মাইতি-সহ অন্যান্যরা। মেঘনাদ পাল বলেন, "নন্দীগ্রামের ঘরের ছেলে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। এটি আমাদের কাছে অত্যন্ত গর্বের। এই কারণেই নন্দীগ্রাম সীতানন্দ কলেজ সংলগ্ন মাঠে তাঁর সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর বার্তা শোনার অপেক্ষায় রয়েছেন সকলে।"

রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে গত শনিবার নন্দীগ্রামে এসেছিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের রোয়াপাড়ার নিজের কার্যালয়ে যান তিনি। দলের বিধায়ক ও সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জনকুমার, পুলিশ সুপার অংশুমান সাহা-দের সঙ্গেও বৈঠক করেন তিনি। জেলার যে সমস্ত কাজ আটকে রয়েছে সেগুলি দ্রুত শেষ করার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফের নন্দীগ্রামে যাচ্ছেন তিনি।

তারপর রবিবার বিকেল ৬টা নাগাদ হলদিয়ায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মূলত হলদিয়ার বিষয় নিয়ে প্রশাসনিক আলোচনা হতে পারে বলে জানিয়েছেন হলদিয়ার বিধায়ক প্রদীপ বিজলি। সেই বৈঠকে জেলা প্রশাসনের আধিকারিকরা উপস্থিত থাকবেন। পুলিশ আধিকারিকরাও থাকবেন বলে জানা গিয়েছে। শ্রমিকদের বিষয়েও আলোচনা হবে বলে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement