নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: বনগাঁ পুরসভার বন্ধ পরিষেবা চালু করার দাবিতে এবার পথে নামল ব্যবসায়ী-সহ এলাকা বাসিন্দারা৷ পরিষেবা চালু করার দাবিতে সোমবার বনগাঁ সাব-ডিভিশনাল চেম্বার অব কমার্স-এর পক্ষ থেকে বনগাঁর মহকুমা শাসক ও পুলিশ আধিকারিকের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়৷ অভিযোগ, বনগাঁ পুরসভার সাফাই কর্মীদের কর্মবিরতির কারণে আবর্জনায় স্তূপ জমা হয়েছে শহরে। বাড়ছে মশা মাছির উপদ্রব। ফলে ডেঙ্গি, ম্যালেরিয়া-সহ একাধিক রোগের আতঙ্কে ভুগছে স্থানীয়রা।
[আরও পড়ুন: মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ, ১ মাস পর অভিযোগ দায়ের নির্যাতিতার]
বনগাঁ পুরসভা এলাকার মধ্যেই রয়েছে বনগাঁ মহকুমা হাসপাতাল, আদালত-সহ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর। রয়েছে সবজি ও মাছের বাজারও। নিয়ম অনুযায়ী প্রতিদিন সকালে বনগাঁ পুরসভার সাফাইকর্মীরা এলাকার বাজার, নর্দমা, অফিস, হাসপাতাল, আদালত সংলগ্ন এলাকা পরিষ্কার করতেন। কিন্তু গত দশ দিন ধরে স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতিতে সাফাইকর্মীরা। ফলে আবর্জনার স্তূপ জমেছে এলাকায়। দুর্গন্ধ ছড়াচ্ছে মাছ বাজার থেকে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে বাজারমুখো হচ্ছেন না স্থানীয়রা। সেইসঙ্গে নর্দমার জমা জল আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গির। ফলে বাধ্য হয়ে এবার প্রতিবাদে সরব হয়েছেন ব্যবসায়ী ও স্থানীয়রা। দ্রুত সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
কাউন্সিলর মনোতোষ নাথের কথায়, “অনেকদিন আগেই পুরপ্রধানের উচিত ছিল সাফাইকর্মীদের সমস্ত দাবি মেনে নেওয়া। কিন্তু তিনি তা করেননি। আমরা সকলের কাছে আবেদন করছি দ্রুত পরিষেবা স্বাভাবিক করা হোক।” বনগাঁ পুরসভার চেয়ারম্যান শংকর আঢ্য বলেন, “বর্তমানে পুরসভায় রাজনৈতিক অস্থিরতা চলছে। তাই পরবর্তী সময়ে এই বিষয়গুলি নিয়ে ভাবনাচিন্তা করা হবে।” তবে আপাতত সাফাইকর্মীদের কাজে যোগদানের জন্য আবেদন জানিয়েছেন তিনি। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে এখন সেই দিকেই তাকিয়ে বনগাঁবাসী।
