shono
Advertisement
Purba Bardhaman

পোড়ানো হচ্ছিল প্রধানমন্ত্রীর প্রতিকৃতি, প্রতিবাদ করতেই বিজেপি কর্মীদের মারধর! গ্রেপ্তার সিপিএম নেতা

সিপিএমের অভিযোগ শাসকদল বিজেপির মিথ্যা অভিযোগের ভিত্তিতে পুলিশ নজরুল হককে গ্রেপ্তার করেছে। প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছে সিপিএম।
Published By: Subhankar PatraPosted: 08:08 PM Jul 25, 2026Updated: 08:11 PM Jul 25, 2026

পোড়ানো হচ্ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিকৃতি। প্রতিবাদ করেন বিজেপি কর্মীরা। তাতেই তাঁদের মারধরের অভিযোগ সিপিএম নেতার বিরুদ্ধে। মারধরের অভিযোগে গ্রেপ্তার পূর্ব বর্ধমানের ভাতারের সিপিএম নেতা। শনিবার সকালে ভাতারবাজার থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ দিনই ধৃতকে বর্ধমান আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ সিপিএমের কর্মীরা। সিপিএমের অভিযোগ শাসকদল বিজেপির মিথ্যা অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করেছে। প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছে সিপিএম।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম নজরুল হক। তিনি সিপিএমের ভাতার ১ নম্বর এরিয়া কমিটির সম্পাদক। গত মঙ্গলবার সিপিএমের কনভেনশন ছিল ভাতার বাজারে একটি লজে। ওদিন সিপিএমের কর্মীরা বর্ধমান কাটোয়া রাজ্য সড়কের উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিকৃতি পুড়িয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন।

সে সময় বিজেপির ভাতার অঞ্চলের ১১২ নম্বর বুথের সভাপতি সঞ্চিত মালিক, বিজেপির প্রাক্তন পঞ্চায়েত সদস্য দেবব্রত কোঁয়ার-সহ জনা চারেক কর্মী প্রধানমন্ত্রীর প্রতিকৃতি পোড়ানোর প্রতিবাদ করলে সিপিএমের কর্মীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। তার জেরে বিজেপির পক্ষ থেকে পুলিশের কাছে মারধরের অভিযোগ দায়ের করা হয়। নজরুল হক-সহ কয়েকজনের বিরুদ্ধে বিজেপি কর্মীরা অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতেই এদিন নজরুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। সিপিএমের ভাতার ১ এরিয়া কমিটির সদস্য কবিরুল শেখের দাবি, "সেদিন বিজেপি কর্মীরা আমাদের মহিলা নেত্রী মোহিনী খাতুনকে হেনস্তা করেছিল। কিন্তু পুলিশ আমাদের অভিযোগ নেয়নি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement