বর্ধমান শহরে নিজের চেম্বারে খুন চিকিৎসক! কুপিয়ে খুনের অভিযোগ এক রোগীর নাতির বিরুদ্ধে। খুনের পর কোমরে রক্তমাখা ধারালো অস্ত্র ঝুলিয়ে থানায় হাজির অভিযুক্ত। পুলিশকে জানা, তিনি বাদামতলা এলাকায় এক চিকিৎসককে খুন করেছেন। রক্তমাখা অস্ত্র তুলে দেয় পুলিশের হাতে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
মৃত চিকিৎসকের নাম রাজা ভৌমিক। বয়স ৫৫ বছর। তাঁর বাড়ি বর্ধমান শহরে। তিনি কোয়াক চিকিৎসক বলে পরিচিত। বর্ধমান গ্রামীণ ব্যাঙ্কের নিচে অন্যান্য চিকিৎসকদের সঙ্গে চেম্বার করতেন তিনি। তাঁর কাছে শক্তিগড়ের আমড়া এলাকার বাসিন্দা জীবন রুইদাস নামে এক যুবক, তাঁর ঠাকুমার চিকিৎসা করাতেন। কিছুদিন আগে বৃদ্ধা মারা যান। তা নিয়ে ক্ষোভ ছিল জীবনের।
মৃত কোয়াক চিকিৎসক রাজা ভৌমিক। নিজস্ব চিত্র
এদিকে প্রতিদিনের মতো মঙ্গলবার সময়মতো চেম্বার খোলে। আসেন কোয়াক চিকিৎসক। স্থানীয়দের দাবি, চেম্বার খোলার পর জীবন চেম্বারে ঢোকে। তারপর চেম্বার থেকে বচসার শব্দ শোনেন স্থানীয় ব্যবসায়ীরা। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে চিকিৎসককে কুপিয়ে খুন করেন জীবন। তারপর চেম্বার থেকে বেরিয়ে যায় অভিযুক্ত। পরে চিকিৎসকের রক্তাক্ত দেহ দেখতে পারেন স্থানীয়রা।
এই চেম্বারেই চিকিৎসা করতেন মৃত চিকিৎসক। নিজস্ব চিত্র
খুনের পর কোমরে ধারালো অস্ত্র ঝুলিয়ে থানায় যান অভিযুক্ত। ডিউটিতে থাকা অফিসারদের জানান, চিকিৎসককে খুন করেছেন তিনি। কারণ, জীবনের অভিযোগ, রাজার ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয়েছে তাঁর ঠাকুমার। সব কিছু জানার পর বাদামাতলার ঘটনাস্থলে আসেন পুলিশকর্মীরা। চেম্বার থেকে চিকিৎসকের রক্তাক্ত দেহ উদ্ধার করেন তদন্তকারীরা। মৃতদেহের মাথার পিছনে গুরুতর আঘাত রয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে পুলিশ।
