দুই যুবকের বচসার জেরে একজন অপরজনকে কুপিয়ে মারে! ওই খুনের ঘটনায় স্থানীয়রা অভিযুক্তকে রাস্তাতেই পিটিয়ে মারল! হাড়হিম করা ঘটনাটি ঘটেছে কোচবিহারে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার পরই থমথমে এলাকা।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বানেশ্বর বোকালীর মাঠ সংলগ্ন এলাকায় ওই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, ওই এলাকায় একটি যাযাবর পরিবার এসে কয়েক দিন ধরে থাকতে শুরু করেছিল। ওই এলাকাতেই বাড়ি যুবক সুকুমার ভূঁইয়া। তাঁদেরই একটি জমির পাশে ওই পরিবার থাকতে শুরু করেছিল। সেই নিয়ে সুকুমারের সঙ্গে ওই যাযাবর পরিবারের কয়েক দিন ঝামেলাও হয়েছিল। সেখান থেকে সরে যেতে বলা হলেও ওই পরিবার যায়নি বলে অভিযোগ।
আজ, মঙ্গলবার দুপুরে সুকুমারের সঙ্গে ওই যাযাবর পরিবারের বয়সে তরুণ ছেলের বচসা শুরু হয়। কেন তারা সরে যাচ্ছে না, সেই নিয়ে ফের চিৎকার, চেঁচামেচি শুরু করেন সুকুমার। অভিযোগ, সেসময় ওই যাযাবর যুবক সুকুমারের গলায় একটি ধারালো ছুরি চালিয়ে দেন! কোপানো হয় বলেও অভিযোগ। ঘটনাস্থলেই মারা যান ওই যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়রা সেখানে ছুটে যায়। এরপরই ওই হামলাকারীর উপর সম্পূর্ণ ক্ষোভ গিয়ে পড়ে। শুরু হয় 'গণপিটুনি'।
এলাকার ক্ষুব্ধ বাসিন্দাদের মারে মৃত্যু হয় ওই যুবকের। রাস্তাতেই পড়ে থাকে দুটি মৃতদেহ। খবর দেওয়া হয় পুণ্ডিবাড়ি থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনায় এদিন রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে খবর। দুটি ঘটনারই তদন্ত চলছে।
