শংকরকুমার রায়, রায়গঞ্জ: পিঁয়াজ চুরির অভিযোগে সালিশি সভায় ডেকে নির্মম অত্যাচার। অপমানে আত্মঘাতী হলেন প্রৌঢ়া। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের মাঝিয়ারি এলাকায়। যদিও এবিষয়ে এখনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলেই জানিয়েছেন পুলিশ সুপার।
কালিয়াগঞ্জের মাঝিয়ারির ঝাপুলের বাসিন্দা বছর ৬৪-এর মিনতি মণ্ডল। দীর্ঘদিন ধরেই কর্মসূত্রে দিল্লিতে থাকেন তাঁর ছেলে। মেয়েরও বিয়ে হয়ে যাওয়ায় বাড়িতে একাই থাকতেন প্রৌঢ়া। অভাব ছিল নিত্যসঙ্গী। ফলে হাটে ব্যবসায়ীরা ফেলে যাওয়া সবজি কুড়িয়েই পেট ভরাতেন তিনি। শনিবার গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন ওই প্রৌঢ়া। পরের দিন সকালে ঘর থেকে উদ্ধার হয় দেহ। খবর পেয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। প্রাথমিকভাবে মানসিক অবসাদের কারণে আত্মহত্যার ঘটনা বলে মনে করা হলেও মৃত্যুর দু’দিন পর প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। মৃতার মেয়ের কথায়, দিন কুড়ি আগে পিঁয়াজ চুরির অভিযোগ উঠেছিল তাঁর মায়ের বিরুদ্ধে। সেই কারণে সালিশি সভারও আয়োজন করা হয়।
[আরও পড়ুন: করোনা আতঙ্কে সুন্দরবন থেকে কাঁকড়া আমদানি বন্ধ করল চিন, কয়েক কোটি টাকার ক্ষতি]
অভিযোগ, সেই সভাতেই অত্যাচার করা হয়েছিল ওই প্রৌঢ়াকে। বিদ্যুতের পোলে বেঁধে মারধর করা হয় তাঁকে। সেই অপমানেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন মিনতিদেবী। কালিয়াগঞ্জ থানার দ্বারস্থ হয়ে গোটা বিষয়টি জানান মৃতার মেয়ে। যদিও প্রৌঢ়ার মেয়ের অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন বরুনা পঞ্চায়েতের উপপ্রধান ননীগোপাল মণ্ডল। তিনি বলেন, “সালিশি সভায় ওনাকে ডাকা হয়েছিল। কিন্তু কোনওরকম অত্যাচার করা হয়নি। একাজ যেন তিনি ফের না করেন, সেটাই বোঝানো হয়েছিল।” এ প্রসঙ্গে পুলিশ সুপার সুমিত কুমার বলেন, মৃতার মেয়ে সালিশি সভায় অত্যাচারে বিষয়টি জানিয়েছেন, তবে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। তদন্তকারীরা ঘটনাস্থলে গিয়েছেন। ঠিক কী হয়েছিল, শীঘ্রই তা প্রকাশ্যে আসবে।
[আরও পড়ুন: ‘ঝাঁটা মেরে গ্রাম থেকে বের করে দেব’, বিজেপি কর্মীদের কড়া হুঁশিয়ারি তৃণমূল নেতার]
The post পিঁয়াজ চুরির অভিযোগে সালিশি সভায় ডেকে ‘অত্যাচার’, আত্মঘাতী প্রৌঢ়া appeared first on Sangbad Pratidin.
