তৃণমূল আমলে জন্ম ও মৃত্যুর শংসাপত্রে দুর্নীতির অভিযোগ। এসআইআরের সময় ভুয়ো বা নিয়ম বহির্ভূতভাবে দেওয়া হয়েছে শংসাপত্র। সেই অভিযোগে রাজ্যজুড়ে তল্লাশি অভিযানে পুলিশ। বীরভূমের সিউড়ি, রামপুরহাট, দুবরাজপুর। কোচবিহারের বিভিন্ন পঞ্চায়েত, পুরসভা-সহ রাজ্যের একাধিক জায়গায় হানা। তল্লাশি চলছে দুর্গাপুরেও। রেজিস্টার, সংশ্লিষ্ট নথিপত্র নিজেদের হেফাজতে নিচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার সময় রাজ্যজুড়ে ভুয়ো জন্ম শংসাপত্র ইস্যুর অভিযোগ উঠেছিল। অনিয়ম করে জন্ম শংসাপত্র দেওয়া হয়েছে বলে দাবি। বিজেপির অভিযোগ ছিল, সেই সংশাপত্রগুলি ব্যবহার করে ভোটার তালিকায় নাম তোলা হয়েছে। এবার তা নিয়ে নড়েচড়ে বসল প্রশাসন।
রাজ্যের বিভিন্ন পুরসভা, পঞ্চায়েতে অভিযান চলছে। সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে জন্ম-মৃত্যু নথিভুক্তকরণের দায়িত্বে থাকা কর্মীদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। পুরসভা ও পঞ্চায়েতের জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্টার, সংশ্লিষ্ট নথিপত্র নিজেদের হেফাজতে নিচ্ছে পুলিশ। সেগুলি থানায় নিয়ে এসে খতিয়ে দেখা হবে। কোথাও নিয়ম বহির্ভূতভাবে জন্ম শংসাপত্র ইস্যু হয়েছে কিনা, কিংবা কোনও ভুয়ো নথির ভিত্তিতে শংসাপত্র দেওয়া হয়েছে কিনা, তা যাচাই করা হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রয়োজনে আধিকারিকদেরও জিজ্ঞাসাবাদ করবে তাঁরা।
উল্লেখ্য, নতুন সরকার ক্ষমতায় আসতেই বার্থ ও ডেথ সার্টিফিকেট ইস্যু করার ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম আনা হয়েছে। জন্ম ও মৃত্যুর ভুয়ো সার্টিফিকেট এড়াতে নথির রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এবার নতুন নিয়ম চালু করেছে রাজ্য সরকার। মন্ত্রিসভার বৈঠকের পরেই নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রেজিস্ট্রেশন অফ বার্থ এন্ড ডেথ অ্যামেন্ডমেন্ট রুল, ২০২৬ জারি করে গেজেট নোটিফিকেশন দেওয়া হয়েছে। এবার তল্লাশি অভিযান চলছে রাজ্যের বিভিন্ন পুরসভা ও পঞ্চায়েতে।
