shono
Advertisement
Bagda

ভুয়ো নথি দেখিয়ে প্রাক্তন সেনাকর্মীর জমি আত্মসাৎ তৃণমূল-ঘনিষ্ঠর, মন্ত্রীর আত্মীয় জানতেই ৩০ মিনিটে ইউ-টার্ন!

ভুয়ো নথি দেখিয়ে কাগজেকলমে প্রাক্তন সেনাকর্মীর জমির মালিক করে হয়েছিল অবৈধ দখলদারকে! প্রতারিত পরিবার রাজ্যের মন্ত্রী অশোক কীর্তনিয়ার আত্মীয়। সেই কথা জানতেই কার্যত ভোলবদল ভূমি রাজস্ব আধিকারিকের।
Published By: Suhrid DasPosted: 04:33 PM Aug 09, 2026Updated: 04:33 PM Aug 09, 2026

ভুয়ো নথি দেখিয়ে কাগজেকলমে প্রাক্তন সেনাকর্মীর জমির মালিক করে হয়েছিল অবৈধ দখলদারকে! প্রতারিত পরিবার রাজ্যের মন্ত্রী অশোক কীর্তনিয়ার আত্মীয়। সেই কথা জানতেই কার্যত ভোলবদল ভূমি রাজস্ব আধিকারিকের। ৩০ মিনিটের মধ্যেই বদলে দেওয়া হল রেকর্ড। ওই পরিবারকে ফিরিয়ে দেওয়া জমি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদায়।

Advertisement

জানা গিয়েছে, প্রাক্তন সেনাকর্মী গোকুলচন্দ্র মজুমদার বাগদার মণ্ডপ ঘাটাগ্রামের বাসিন্দা৷ অবসর গ্রহণের পর সরকারের পক্ষ থেকে তাঁকে শিঙি গ্রামে প্রায় পাঁচ বিঘা জমি দেওয়া হয়েছিল। ভূমি রাজস্ব দপ্তর জমির মালিকানার কাগজপত্রও তৈরি করে দেয়। গোকুলবাবু চাষের কাজ না জানায় জমির বেশিরভাগ অংশ ভাগচাষিদের দিয়ে দিয়ে করানো হত। বেশ কয়েক বছর আগে মারা যান গোকুলচন্দ্র।

অভিযোগ, তৃণমূল জমানায় ঝড়ু বিশ্বাস নামে এক ব্যক্তি প্রায় দেড় বিঘা জমি দখল করে নেন। তিনি তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ বলে খবর। বিষয়টি নিয়ে পরিবারের লোকেরা থানায় অভিযোগ দায়ের করেন৷ কিন্তু কাজের কাজ কিছুই হয়নি! রাজ্যে পালাবদল হয়েছে। অভিযোগ, নতুন সরকার আসতেই ভুয়ো কাগজপত্র বানিয়ে সেসব দেখিয়ে ঝড়ু বিশ্বাস ওই জমি নিজের নামে সরকারি রেকর্ড করে নেন। গত ২৬ জুলাই বাগদা ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা বেআইনি দখলদারের নামে রেকর্ড সংক্রান্ত নথিপত্র দিয়ে দেন! এরপরেই ঘটনার নাটকীয় গতি পরিবর্তন হয়৷

বাগদার ভূমি রাজস্ব আধিকারিক জানতে পারেন প্রতারিত গোকুলবাবুর পরিবার রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার আত্মীয়। এরপরেই কার্যত ভূমি রাজস্ব দপ্তরে শোরগোল ছড়িয়ে পড়ে। অভিযোগপত্র খতিয়ে দেখে কাগজপত্র নিয়ে ছুটোছুটি পড়ে যায় আধিকারিকদের মধ্যে। কার্যত ৩০ মিনিটের মধ্যে ইউ-টার্ন! সঠিক কাগজপত্র খতিয়ে দেখে প্রাক্তন সেনাকর্মীর পরিবারকে জমির মালিকানা ফিরিয়ে দেওয়া হল। গোকুলবাবুর পুত্রবধূ শুভদ্রা মজুমদার বলেন, "ঝরু বিশ্বাস আমাদের জমি জোর করে দখল করেছিল তৃণমূলের সহযোগিতায়। ভূমি রাজস্ব আধিকারিক তার নামে আমাদের জমি রেকর্ডও করে দিয়েছিলেন৷ রাজ্যের খাদ্যমন্ত্রীর আত্মীয় বলতেই ৩০ মিনিটের মধ্যে আগের রেকর্ড বাতিল হয়ে ফের আমাদের নামে জমির রেকর্ড করে দেওয়া হয়েছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement