shono
Advertisement
Hooghly

তৃণমূল আমলে আবাসে পুরো টাকা না মেলায় হয়নি পাকাঘর! মাটির বাড়ি ধসে মৃত্যু বাবা-মেয়ের

আবাস যোজনায় নাম ছিল। তৃণমূল আমলে প্রথম কিস্তি পেলেও আর টাকা পাওয়া যায়নি বলে অভিযোগ। ফলে ওই পরিবারকে মাটির বাড়িতেই থাকতে হচ্ছিল। শ্রাবণের প্রবল বৃষ্টিতে ওই মাটির বাড়ির ভিত আলগা হয়ে যায়। সেই মাটির দেওয়ায় ধসেই মৃত্যু হল বাবা ও মেয়ের!
Published By: Suhrid DasPosted: 03:02 PM Jul 31, 2026Updated: 04:28 PM Jul 31, 2026

আবাস যোজনায় নাম ছিল। তৃণমূল আমলে প্রথম কিস্তি পেলেও আর টাকা পাওয়া যায়নি বলে অভিযোগ। ফলে ওই পরিবারকে মাটির বাড়িতেই থাকতে হচ্ছিল। শ্রাবণের প্রবল বৃষ্টিতে ওই মাটির বাড়ির ভিত আলগা হয়ে যায়। সেই মাটির দেওয়ায় ধসেই মৃত্যু হল বাবা ও মেয়ের! মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হুগলির মগরা এলাকায়। মৃত ব্যক্তির নাম গৌর মালিক। তাঁর ১২ বছরের কন্যার নাম মাম মালিক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তৃণমূল আমলে আবাস যোজনার টাকা নিয়ে দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ উঠেছে একাংশের মধ্যে।

Advertisement

সপ্তগ্রাম বিধানসভার মগরা দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের গজ ঘন্টা মালিকপাড়ায় বাস ছিল ওই পরিবারের। বছর ৫৭ বয়সের গৌর মালিকের স্ত্রী আগেই মারা গিয়েছেন। ১২ বছরের প্রতিবন্ধী মেয়েকে নিয়েই থাকতেন পেশায় সবজি বিক্রেতা গৌর। মাটির বাড়িতে বাস করায় আবাস যোজনায় পাকাবাড়ি তৈরির জন্য সরকারের কাছে আবেদনও করেছিলেন তিনি। অনেক গড়িমসির পর আবাসে নামও ওঠে। প্রথম কিস্তির টাকাও পাওয়া যায়। কিন্তু তৃণমূল আমলে তারপর আর টাকা মেলেনি বলে অভিযোগ। পাকা ঘর তৈরি না হওয়ায় বাবা-মেয়েকে মাটির পুরনো বাড়িতেই অগত্যা থাকতে হচ্ছিল। আর সেখানেই ঘটল ওই ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিনের ধারাবাহিক বৃষ্টিতে ওই মাটির বাড়ির ভিত আলগা হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার রাতেও বৃষ্টি হয়েছিল। ঘরের মধ্যেই ঘুমোচ্ছিলেন বাবা-মেয়ে। গভীর রাতে হুড়মুড়িয়ে মাটির দেওয়াল সম্পূর্ণ ভেঙে পড়ে দু'জনের উপর! আওয়াজ শুনে প্রতিবেশীরা সেখানে নিয়ে উদ্ধারকাজ শুরুও করেছিলেন। খবর দেওয়া হয়েছিল মগরা থানায়। আজ, শুক্রবার ভোরে বাবা-মেয়ের মৃতদেহ উদ্ধার হল। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement