গ্যাস সংকটের (LPG Gas Crisis) মাঝে মাথা তুলেছে নতুন সাইবার প্রতারণা চক্র! বীরভূম জেলাজুড়ে গ্রাহকদের ফোনে এসএমএস পাঠিয়ে এলপিজি সংক্রান্ত সাহায্যের নামে ওটিপির মাধ্যমে প্রতারণা! ওটিপি দিলেই ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সাইবার ক্রাইম থানায় দায়ের হয়েছে একাধিক অভিযোগ। তদন্তের পাশাপাশি সচেতনতার প্রচার চালাচ্ছে বীরভূম সাইবার ক্রাইম থানার পুলিশ।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিস্থিতিতে ভারতের বাজারে গ্যাসের সংকট দেখা দিয়েছে। অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন। গ্যাস না মিললে রান্না হবে কী করে এই প্রশ্ন সবার মুখে। এই আবহে বীরভূমজুড়ে সক্রিয় প্রতারণা চক্র! সাইবার ক্রাইম থানা সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে সিউড়ি থানা এলাকার তিন মহিলা অ্যাকাউন্ট থেকে টাকা খোয়া যাওয়ার অভিযোগ জানিয়েছে।
ওই তিন মহিলার অভিযোগ, স্থানীয় গ্যাস ডিলারের নামে তাঁদের কাছে ফোন আসে। তাঁদের গ্যাস সংক্রান্ত সমস্যার কথা জানতে চাওয়া হয়। অভিযোগ, এরপরই ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য নেওয়া হয়। মোবাইলে ওটিপি আসে। গ্যাস পাওয়া নিয়ে আতঙ্কে থাকা মহিলারা সেই ওটিপি দিয়ে দেন। তারপরই কেটে যায় ফোন। ওদিকে অ্যাকাউন্ট থেকে গায়েব টাকাও। শুধু ফোন নয়, মেসেজের মাধ্যমেও বিভিন্ন লিঙ্ক আসছে। তাতে ক্লিক করলেই ডাউনলোড হচ্ছে অ্যাপ। তাতেই সব তথ্য চলে যাচ্ছে প্রতারকদের হাতে। তারপর পরিণতি সেই এক, অ্যাকাউন্ট থেকে গায়েব টাকা।
বীরভূম সাইবার ক্রাইম থানার এক কর্তা বলেন, "গ্যাসের সমস্যা মেটানোর নামে প্রতারণা করা হচ্ছে। বেশ কিছু অভিযোগ দায়ের হয়েছে। ওটিপি দিলেই টাকা গায়েব হয়ে যাচ্ছে। সাধারণ মানুষকে বলছি কোনও ওটিপি দেবেন না। যে অভিযোগগুলি দায়ের হয়েছে সেগুলির তদন্ত শুরু হয়েছে।"
