shono
Advertisement
Hingalganj Fire

হিঙ্গলগঞ্জে বিএসএফ ক্যাম্পে আগুন, জীবন্ত দগ্ধ জওয়ান! নিরাপত্তায় গাফিলতি?

মৃত জওয়ানের নাম রাম সিং। বৃহস্পতিবার সকালে বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার ৭৭ নম্বর ব্যাটেলিয়ন বিএসএফ ক্যাম্পে আগুন লাগে।
Published By: Subhankar PatraPosted: 12:13 PM Apr 16, 2026Updated: 01:24 PM Apr 16, 2026

হিঙ্গলগঞ্জের বিএসএফ ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড (Hingalganj Fire)! অগ্নিদগ্ধ হয়ে প্রাণ গেল সেনা জওয়ানের। বৃহস্পতিবার সকালে ৭৭ নম্বর বিএসএফ ব্যাটেলিয়নের একটি ঘরে আগুন লাগে। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের জেরে এই আগুন। তবে নিরাপত্তায় কোনও খামতি ছিল কি না, উঠছে সেই প্রশ্নও। ঘটনার তদন্ত শুরু করেছে দমকল ও বিএসএফ কর্তৃপক্ষ।

Advertisement

মৃত জওয়ানের নাম রাম সিং। এ দিন সকালে বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার বাঁকড়া এলাকার ৭৭ নম্বর ব্যাটেলিয়ন বিএসএফ ক্যাম্পে আগুন লাগে। কী করে অগ্নিকাণ্ডের ঘটনা? জানা গিয়েছে, ক্যাম্পের পেট্রোল পাম্প সংলগ্ন একটি ঘরে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। সেই সময় বিএসএফের বোটে তেল ভরার কাজ চলছিল। ফলে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।

আগুনের তীব্রতা এতটাই ছিল যে ঘরটির ভিতরে আটকে পড়েন জওয়ান রাম সিং। বাকি জওয়ানরা তাঁকে উদ্ধারের চেষ্টা করলেও প্রথমে বেশ বেগ পেতে হয় তাঁদের। এ দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন ও পুলিশ। দ্রুত আগুন কিছুটা নিয়ন্ত্রণে এনে জওয়ানকে উদ্ধার করা হয়। কিন্তু ঘটনাস্থলেই জওয়ানের মৃত্যু হয় বলে খবর। জওয়ানের দেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হবে বলে জানা গিয়েছে।

প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিটের জেরে আগুন লেগেছে। তবে গোটা ঘটনা খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। তদন্ত শুরু করেছে বিএসএফ কর্তৃপক্ষও। নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement