ওয়েলনেস দুনিয়ায় নতুন এক কথা ঘুরপাক খাচ্ছে- ফ্যাসিয়া। কিছুদিন আগেও যেখানে 'লিম্ফ্যাটিক ড্রেনেজ' ছিল ট্রেন্ড, এখন সেই জায়গা দখল করছে এই নতুন টার্ম। সোশাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে, শরীর স্টিফ? ফ্যাসিয়া টাইটনেস। মেটাবলিজম স্লো? ফ্যাসিয়া ডিহাইড্রেটেড। এমনকী বার্ধক্য আর দীর্ঘায়ুর চাবিকাঠিও নাকি এখানেই। শুনতে আকর্ষণীয়। কিন্তু প্রশ্ন হল- ফ্যাসিয়া আসলে কী? আর সত্যিই কি এতটা গুরুত্বপূর্ণ?
ছবি: সংগৃহীত
ফ্যাসিয়া আসলে কী?
সহজ করে বললে, ফ্যাসিয়া হল শরীরের ভেতরে থাকা এক ধরনের কানেক্টিভ টিস্যুর নেটওয়ার্ক। এটা আমাদের পেশী, অঙ্গপ্রত্যঙ্গ, স্নায়ু আর রক্তনালিকে ঘিরে রাখে এবং একসঙ্গে ধরে রাখে। এটি আলাদা কোনও অঙ্গ নয়, পুরো শরীরজুড়ে ছড়ানো একটা জাল, যা শরীরকে স্ট্রাকচার বা কাঠামো প্রদান করে এবং মুভমেন্টকে স্মুথ বা সহজ করে। এর প্রধান উপাদান কোলাজেন আর জল। তাই ফ্যাসিয়া যখন হেলদি থাকে, তখন শরীরের নমনীয়তা বজায় থাকে। আর যখন শুষ্ক হয়ে যায়, তখন শরীর স্টিফ লাগে, নড়াচড়া অস্বস্তিকর হয়।
হঠাৎ এত জনপ্রিয় কেন?
এর পেছনে একটা বড় কারণ হল আমরা এখন শুধু 'দেখতে ফিট' নয়, বরং ভেতর থেকে কী হচ্ছে সেটা বুঝতে চাইছি। ফ্যাসিয়া সেই চাহিদার সঙ্গে মিলে যায়, কারণ এটি পুরো শরীরকে একসঙ্গে ব্যাখ্যা করে। এটি শরীরের সামগ্রিক চিত্র বলে দেয়, যা আজকের লংজিভিটি বা দীর্ঘায়ু আর হোলিস্টিক হেলথ বা সামগ্রিক স্বাস্থ্যের ট্রেন্ডের সঙ্গে খুব সহজে খাপ খায়।
ছবি: সংগৃহীত
সোশাল মিডিয়ার ভূমিকা
এই ট্রেন্ডটা এত দ্রুত ছড়ানোর পেছনে সোশাল মিডিয়ার প্রভাব স্পষ্ট। সহজ ভাষা, চটকদার ভিডিও আর দ্রুত ফলাফলের প্রতিশ্রুতি, এই তিন মিলেই ফ্যাসিয়া এখন ভাইরাল। আগে 'ডিটক্স', তারপর 'লিম্ফ্যাটিক ড্রেনেজ', এখন 'ফ্যাসিয়া', ট্রেন্ড বদলাচ্ছে, কিন্তু প্যাটার্ন একই।
সমস্যা একটাই- সব তথ্য বৈজ্ঞানিক নয়। বারবার শোনা মানেই সত্যি, এমনটা নয়।
ফ্যাসিয়া, বার্ধক্য আর দীর্ঘায়ু
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফ্যাসিয়ার নমনীয়তা কমতে পারে। কোলাজেনের পরিবর্তনের কারণে শরীর শক্ত বা স্টিফ লাগে, মুভমেন্ট কমে যায়। এই কারণেই 'হেলদি এজিং' আলোচনায় ফ্যাসিয়া ঢুকে পড়েছে। তবে একটা জিনিস পরিষ্কার, ফ্যাসিয়া একা কিছুই করে না। এটা শরীরের বড় সিস্টেমের একটা অংশ মাত্র। পেশী, পুষ্টি, ব্যায়াম, সব একসঙ্গে কাজ করে।
ছবি: সংগৃহীত
ফ্যাসিয়া থেরাপি, নতুন কিছু না
মায়োফ্যাসিয়াল রিলিজ, ম্যাসাজ, ফোম রোলিং, এগুলোকে এখন নতুনভাবে ব্র্যান্ড করা হচ্ছে। কিন্তু এগুলো মোটেই নতুন নয়। অনেক পুরনো প্র্যাকটিস, নিয়ন্ত্রিত মুভমেন্টের মাধ্যমে শরীরের নমনীয়তা বাড়ানোর কথা অনেক আগেই বলেছে। পদ্ধতি একই, শুধু ব্যাখ্যার ভাষা বদলেছে।
তাহলে, ফ্যাসিয়া কতটা গুরুত্বপূর্ণ?
ফ্যাসিয়া গুরুত্বপূর্ণ, এটা অস্বীকার করার সুযোগ নেই। মুভমেন্ট, ফ্লেক্সিবিলিটি আর রিকভরিতে এর ভূমিকা আছে। কিন্তু এটাকে 'ম্যাজিক সলিউশন' ভাবা ভুল। শরীর ঠিক রাখতে এখনও সেই পুরনো নিয়মগুলোই কাজ করে। নিয়মিত ব্যায়াম, স্ট্রেংথ ট্রেনিং, স্ট্রেচিং, সুষম খাদ্যাভ্যাস আর পর্যাপ্ত ঘুম। ফ্যাসিয়া সেই পুরো চিত্রটার একটা অংশ, সম্পূর্ণটা নয়।
