shono
Advertisement
Ranaghat

সৎকার করে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, একই বাইকে থাকা ৪ জনের মৃত্যু

বলাগড় ঘাটে শেষকৃত্যের কাজ সেরে একটি মোটরবাইকে চেপে ৪ যুবক মাসুন্ডা এলাকায় ফিরছিলেন। সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে।
Published By: Jaba SenPosted: 07:59 PM Jul 29, 2026Updated: 08:49 PM Jul 29, 2026

মৃতদেহ সৎকার করে একটি বাইকে চেপে বাড়ি ফিরছিলেন ৪ যুবক। পথেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বুধবার রানাঘাট (Ranaghat) থানার মাসুন্ডা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনায় প্রাণ হারান ৪ জনই।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বলাগড় ঘাটে শেষকৃত্যের কাজ সেরে একটি মোটরবাইকে চেপে ৪ যুবক মাসুন্ডা এলাকায় ফিরছিলেন। ফেরার পথে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি প্রথমে রাস্তার ধারের বৈদ্যুতিক খুঁটিতে, পরে পাশের দেওয়ালে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যুবকের। গুরুতর জখম অবস্থায় বাকি দুই জনকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁদেরও মৃত্যু হয়। হাসপাতালে পৌঁছলে চিকিৎসকেরা ৪ জনকেই মৃত বলে ঘোষণা করেন।

মৃতদের নাম সবুজ বিশ্বাস, প্রতাপ প্রামাণিক, অমিত বিশ্বাস ও সৌমেন হালদার। প্রত্যেকেরই বয়স ৩০ বছরের কম। তাঁদের বাড়ি রানাঘাটের মাসুন্ডা এলাকায়। মৃত প্রতাপ প্রামাণিকের কাকা বিশ্বজিৎ বিশ্বাস জানান, বলাগড় ঘাটে এক আত্মীয়ের মৃতদেহ সৎকার শেষে চারজন একটি বাইকে করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে রানাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট (Ranaghat) পুলিশ মর্গে পাঠায়। কীভাবে বাইকটি নিয়ন্ত্রণ হারাল, অতিরিক্ত গতি নাকি অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ। ৪ যুবকের অকালমৃত্যুকে মাসুন্ডায় শোকের ছায়া নেমে এসেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement