shono
Advertisement

আদিবাসীদের মন্দিরে ‘লাইভ’ মহিষাসুরমর্দিনী, বিচারকের ভূমিকায় নরসিংহ মূর্তি

দেবতা কয়েক মুহূর্তের জন্য হয়ে যান অসুর। The post আদিবাসীদের মন্দিরে ‘লাইভ’ মহিষাসুরমর্দিনী, বিচারকের ভূমিকায় নরসিংহ মূর্তি appeared first on Sangbad Pratidin.
Posted: 10:19 AM Sep 30, 2017Updated: 10:57 AM Sep 30, 2017

চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল: কুলটির আদিবাসীদের জ্যান্ত দেবতার নাম সিংরাই মারান্ডি। ভক্তরা ডাকেন সিংরাই বা সিঙাবোঙা বাবা নামে। সিঙাবোঙার অর্থ মহাদেব বা শিব। আশ্রমেই রয়েছে সিংরাই বাবার পেল্লাই সাইজের মূর্তি। সারা বছর তিনি পূজিত হন দেবতা রূপে। কিন্তু সেই আদিবাসী দেবতাই নবমীর দিন হয়ে যান মহিষাসুর। আর সিংরাইকে বধ করেন তাঁরই দুর্গারূপী স্ত্রী দুলালি। অর্থ্যাৎ, একদিনের জন্য দেবতা হয়ে যান অসুর আর ভক্ত হয়ে যান দেবতা। অভিনব এই দৃশ্যের দেখা মেলে কুলটির নিয়ামতপুরে।

Advertisement

[আচমকা বন্ধ হয়ে গেল সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো]

একদিকে আদিবাসী মন্ত্রচারণে দুর্গাপুজো, অন্যদিকে নবমীর দিন লাইভ মহিষাসুরমর্দিনীর দেখা মেলে মন্দির চত্বরে। পুজোর রীতি-রেওয়াজে যুদ্ধ-যুদ্ধ খেলার ট্রাডিশন রয়েছে সিংরাইয়ের দুর্গা মন্দিরে। টিনের অস্ত্র নিয়ে মহিষাসুররূপী সিংরাই মারান্ডি ও তাঁর স্ত্রী দুর্গারূপী দুলালি লড়ালড়ি করেন। প্রায় ৪০ মিনিট ধরে চলে যুদ্ধ। শেষ পর্যন্ত সেই প্রতীকী যুদ্ধে পরাভূত হন সিংরাই বাবা। জয়ের তিলক যায় দুলালির মাথায়। তারপরই মা দুর্গার নামে জয়ধ্বনি দিয়ে ওঠেন ভক্তরা। মহিষাসুরমর্দিনীরূপের লাইভ দৃশ্য দেখতে ভিড় জমান নিয়ামতপুরের বাসিন্দারা।

[ঘনিষ্ঠ মুহূর্ত দেখে ফেলায় শাশুড়িকে খুন, বউমার খোঁজে তল্লাশি]

বন, জঙ্গল প্রকৃতি পুজোয় অভ্যস্ত আদিবাসী সমাজ। এই সমাজেও ঘটা করে হয় দুর্গাপুজো। কুলটির আদিবাসী সমাজের গুরু সিংরাই বাবা নিজে আশ্রম গড়ে হিন্দু দেবদেবীদের পূজা আর্চা করে আসছেন প্রায় দু’দশক ধরে। এখানে নিজেদের মন্ত্রে দুর্গাপুজো করেন আদিবাসী ভক্তরা। পুজোর দিনগুলি জমজমাট থাকে নিয়ামতপুরে আদিবাসীদের এই আশ্রম। সিংরাই মারান্ডি জানান, এখানে পুজোর জন্য কোনও পুরোহিত ডাকা হয় না। তিনি বেশকিছু মন্ত্রকে আদিবাসী ভাষায় রূপান্তরিত করেছেন। সেই মন্ত্র পড়ে নিজেই পুজো শুরু করেন। তারপর ভক্তরা পুজোর ডালি নিয়ে আসেন ও নিজেরাই পূজো করে চলে যান। আদিবাসী দেবতা মারাংবুরুর পুজো হয় যে নিয়মে ঠিক সেই নিয়মেই দুর্গাপুজো হয় এখানে। আরও একটি বৈশিষ্ট্য হল মা দুর্গার পরিবার ও অসুরের একচালার প্রতিমার সঙ্গে এখানে দেখা যায় বিষ্ণুর এক অবতারকে। নরসিংহের মূর্তিটি থাকে কার্তিকের পাশেই। আদিবাসী বাবা সিংরাই মারান্ডির যুক্তি, মা দুর্গা ও অসুরের লড়াইয়ে হার জিতের বিচার করেন ওই নরসিংহ অবতার। বিশেষ করে নবমীর দিন লাইভ যুদ্ধে বিচারকের ভূমিকায় থাকেন নরসিংহের মূর্তিটি। দুর্গাপুজো চালুর আগে তিনি এরকমই এক প্রতিমার স্বপ্ন দেখেছিলেন। তাই সেভাবেই প্রতিমা তৈরি করিয়েছেন। আবার নবমী যুদ্ধটিও নাকি দেবীর স্বপ্নাদেশে পাওয়া। সিংরাই স্বগর্বে বলেন তিনি নিজেই ভগবান। তাঁর মধ্যেই ঈশ্বরের অধিষ্ঠান।

The post আদিবাসীদের মন্দিরে ‘লাইভ’ মহিষাসুরমর্দিনী, বিচারকের ভূমিকায় নরসিংহ মূর্তি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার