shono
Advertisement
Hasnabad

সাতসকালে বাড়ির বাইরে পড়ে প্রৌঢ়ার রক্তাক্ত দেহ! নেপথ্যে জমি বিবাদ?

ঘটনার শিকড়ে পৌঁছতে তদন্ত শুরু করেছে পুলিশ।
Published By: Tiyasha SarkarPosted: 09:50 AM Aug 21, 2026Updated: 04:02 PM Aug 21, 2026

সাতসকালে বাড়িতে মিলল বধূর রক্তাক্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার হাসনাবাদে (Hasnabad)। ইতিমধ্যেই পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। যদিও কী কারণে এই খুন তা এখনও স্পষ্ট নয়। তবে পরিবারের দাবি, ঘটনার নেপথ্যে জমি সংক্রান্ত বিবাদ। ঘটনার শিকড়ে পৌঁছতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, মৃতার নাম খাদিজা বিবি। তাঁর বয়স ৫০ বছর। হাসনাবাদ থানার আমলানি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তিনি। স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েক বছর ধরে খাদিজা বিবির স্বামী মোশারফ শেখের সঙ্গে জমি জায়গা সংক্রান্ত বিবাদ চলছিল প্রতিবেশী আকবর শেখের। ঘটনার জেরে বছর খানেক আগে মোশারফ শেখ জেলে যান। এখনও তিনি জেলেবন্দী। মোশারফের স্ত্রী খাদিজা বিবি তাঁর ছোট ছেলের স্ত্রী ও একরত্তি নাতনিকে নিয়ে হাসনাবাদের বাড়িতে থাকতেন। তাদের দুই ছেলে ভিনরাজ্যে কাজ করেন।

বৃহস্পতিবার রাতে খাদিজার ছোট বউমা বাড়িতে ছিলেন না। নাতনিকে নিয়ে রাতে একাই ঘুমোতে যান খাদিজা বিবি। সকালে প্রতিবেশীরা দেখতে পান বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে খাদিজা বিবির দেহ। বাসিন্দারা পুলিশকে খবর দিলে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, খাদিজা বিবির গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে। জমি জায়গা সংক্রান্ত পুরানো বিবাদের জেরেই এই খুন বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement