রাজ্যে পালাবদলের পরেই পুলিশকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরেই একেবারে 'দাবাং' মুডে বাংলার পুলিশ। উত্তর হাওড়ার কুখ্যাত দুষ্কৃতী ধৃত আকাশ সিংকে ইতিমধ্যে মাথা ন্যাড়া অবস্থায়, অন্তর্বাস পরিয়ে প্রকাশ্য রাস্তায় ঘুরিয়েছে পুলিশ। সেই ছবি-ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল। এবার একই কায়দায় শিবপুরের তৃণমূল নেতা ধৃত শামিম আহমেদকে প্রকাশ্য রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হল। শুধু হাওড়াতেই নয়, সাঁকরাইলেও একইছবি দেখা গিয়েছে। তোলাবাজির অভিযোগে ধৃত সাহীন মোল্লা ওরফে সানি-কে সোমবার পুলিশ কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরায় পুলিশ। বিজেপি সরকারের আমলে পুলিশের এহেন মুড দেখে অনেকেই উত্তরপ্রদেশের 'যোগী রাজে'র সঙ্গে তুলনা করতে শুরু করেছেন।
এবার একই কায়দায় শিবপুরের তৃণমূল নেতা ধৃত শামিম আহমেদকে প্রকাশ্য রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হল। শুধু হাওড়াতেই নয়, সাঁকরাইলেও একইছবি দেখা গিয়েছে।
ভোট পরবর্তী হিংসা মামলায় হাওড়ার 'বাহুবলি' তৃণমূল নেতা শামিম আহমেদের নাম জড়ায়। মামলার তদন্তে তাঁর শিবপুরের বাড়িতে তদন্তে গিয়ে একেবারে তাজ্জব হয়ে যান পুলিশ আধিকারিকরা। দেখেন, শামিমের ফ্ল্যাটে থরে থরে সাজানো কয়েক লক্ষ টাকার সম্পত্তি-আসবাব। প্রভাব দেখিয়ে করতেন ফ্ল্যাটের ছাদে ছাগলচাষও। কিন্তু শামিমের প্রভাব এতটাই ছিল যে কেউ কোনও মুখ খুলতে পারতেন না। গত কয়েকদিন আগেই মুম্বই থেকে শামিমকে গ্রেপ্তার করে পুলিশ। ট্রানজ়িট রিমান্ডে নিয়ে আসা হয় হাওড়ায়। এরপরেই আজ, সোমবার বিকেলে 'বাহুবলি' শামিম আহমেদকে শিবপুর ট্রামডিপো থেকে অন্তর্বাস পরিয়ে তাঁর পিএমবস্তি এলাকার বিলাশবহুল বাড়ি পর্যন্ত নিয়ে যায় পুলিশ। জি টি রোডে প্রকাশ্য রাস্তা দিয়ে তাঁকে হাতকড়া পরিয়ে নিয়ে যান তদন্তকারী আধিকারিকরা। ধৃত ওই তৃণমূল নেতার বাড়িতে কীভাবে এতে জিনিস এল তা নিয়ে তদন্ত করেন পুলিশ আধিকারিকরা।
অন্যদিকে সম্প্রতি তোলাবাজির অভিযোগে সাহীন মোল্লা ওরফে সানিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত মানিকপুর আউট পোস্টে টেম্পোরারি হোমগার্ড হিসেবে কর্মরত ছিল বলে জানা গিয়েছে। রবিবার তাঁকে আদালতে তোলা হয়। স্থানীয় সূত্রের দাবি, তৃণমূলের ছত্রছায়ায় থেকেই এলাকায় প্রভাব বিস্তার করত সানি। অভিযোগ, বিধায়ক প্রিয়া পালের ঘনিষ্ঠ পরিচয় ব্যবহার করে এলাকায় তোলাবাজি ও দাপট দেখাতেন তিনি। একের পর এক অভিযোগ সামনে আসতেই ওই হোমগার্ডকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরেই এদিন তাঁকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরায় পুলিশ।
রাজ্যে বিজেপির সরকার গঠনের পরেই 'ভয় আউট, ভরসা ইনে'র বার্তা দেওয়া হয়েছে। দুর্নীতি ইস্যুতে জিরো টলারেন্সের বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একের পর এক বেআইনি নির্মাণে চলছে বুলডোজার। এরমধ্যে হাওড়া ও সাঁকরাইলে দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশের এই কড়া পদক্ষেপ নতুন করে রাজনৈতিকমহলে শুরু হয়েছে জোর চর্চা।
