সন্দীপ মজুমদার, উলুবেড়িয়া: পরীক্ষার সময় ফেসবুক করায় বকেছিলেন মা। সেই অভিমানেই আত্মঘাতী হল এক মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে হাওড়ার শ্যামপুর থানা এলাকার কল্যাণী বটতলায়। ঋতিকা বেড়া নামে ওই মাধ্যমিক পরীক্ষার্থী শ্যামপুরের নারিকেল বাড় দ্বারিকানাথ গার্লস হাইস্কুলের ছাত্রী। শুক্রবার রাতে বাড়িতে তিন তলায় নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ঋতিকা।
রাতের খাওয়ার খেতে ঋতিকার মা দীপালি বেড়া মেয়েকে অনেকবার খেতে ডাকেন। কিন্তু মেয়ের কোনও সাড়াশব্দ না পেয়ে তিন তলায় গিয়ে দেখেন ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরের দরজা ভাঙতেই ঋতিকাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তার দেহটি উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
[ফ্ল্যাটে উদ্ধার অভিনেত্রীর ঝুলন্ত দেহ, টালিগঞ্জে চাঞ্চল্য]
কিশোরীর পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ফেসবুক করছিল অত্যন্ত মেধাবী ছাত্রী ঋতিকা। তখন মা দীপালি বেড়া তাঁকে বকাবকি করেন। সামনে মাধ্যমিক পরীক্ষা থাকায় ফেসবুক বন্ধ রেখে পড়ায় মন দিতে বলেন মা। এর পরই দু’দিন মনমরা ছিল ওই ছাত্রী। সেই অভিমান থেকেই আত্মঘাতী হন ওই কিশোরী বলে মনে করছেন পরিবারের সদস্যরা। বাবা রমাপদ বেড়া অবশ্য এই তত্ত্ব মানতে চাননি। ওই ছাত্রীর পারিবারিক সূত্রে আরও জানা গিয়েছে, অত্যন্ত মেধাবী ছাত্রী ছিল ঋতিকা। স্কুলের টেস্ট পরীক্ষায় অত্যন্ত ভাল ফল করে ওই ছাত্রী। তাই মাধ্যমিক পরীক্ষাতেও যাতে সে আরও ভাল ফল করে সেজন্য তার বাড়ি থেকে পড়াশোনায় আরও বেশি করে মনযোগী হতে বলা হয়। কিন্তু হঠাৎ ফেসবুকে আসক্ত হয়ে পড়াতেই বকাবকি করেন মা। আর তাতেই অভিমান হয় ওই ছাত্রীর। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শ্যামপুর থানার পুলিশ।
[মিড ডে মিলে পোকা, খেয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ১৭ শিশু]
The post ফেসবুক করায় বকুনি, অভিমানে আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী appeared first on Sangbad Pratidin.
