shono
Advertisement
Iran War

পিছনের জাহাজেই মিসাইল হানা! হরমুজে আটকে গাইঘাটার নাবিক গৌতম, উৎকণ্ঠায় পরিবার

মধ্যপ্রাচ্যে ইরান-ইজরায়েল-আমেরিকার যুদ্ধ ক্রমশ বাড়াচ্ছে দুশ্চিন্তা। হরমুজ প্রণালীতে আটকে ভারতীয় পণ্যবাহী জাহাজ। এমনই একটি পণ্যবাহী জাহাজে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ের কাজ পেয়ে গিয়েছিলেন উত্তর ২৪ পরগনার গাইঘাটার বাসিন্দা গৌতম দেবনাথ।
Published By: Suhrid DasPosted: 04:29 PM Mar 11, 2026Updated: 04:32 PM Mar 11, 2026

মধ্যপ্রাচ্যে ইরান-ইজরায়েল-আমেরিকার যুদ্ধ ক্রমশ বাড়াচ্ছে দুশ্চিন্তা। হরমুজ প্রণালীতে আটকে ভারতীয় পণ্যবাহী জাহাজ। এমনই একটি পণ্যবাহী জাহাজে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ের কাজ পেয়ে গিয়েছিলেন উত্তর ২৪ পরগনার গাইঘাটার বাসিন্দা গৌতম দেবনাথ। ৪০ দিন আগে শ্রীলঙ্কা থেকে ওই জাহাজ রওনা দিয়েছিল ইরানে। কিন্তু যুদ্ধের কারণে ফেরার পথ এখন বন্ধ। ফলে জাহাজেই অন্যান্যদের সঙ্গে আটকে রয়েছেন গৌতম। গাইঘাটার বাড়িতে বসে দুশ্চিন্তায় প্রহর গুনছেন স্ত্রী সঙ্গিতা রায় ও পরিবার।

Advertisement

জানা গিয়েছে, আরও বেশ কিছু জাহাজের সঙ্গে গৌতমদের জাহাজ এই মুহূর্তে ইরানের আব্বাস বন্দরে নোঙর করেছে। জাহাজেই রয়েছেন গৌতমরা। কিন্তু ক্রমাগত হামলায় দুশ্চিন্তা বাড়ছে। মোবাইল ফোনের মাধ্যমে গৌতমের সঙ্গে যোগাযোগ করছেন স্ত্রী সঙ্গীতা ও অন্যান্য পরিবারের সদস্যরা। প্রথমে আশ্বস্থের কথা বললেও গতকালের গৌতমের কথা ভয় ধরিয়েছে পরিবারের সদস্যদের। গৌতম জানিয়েছেন, তাঁদের জাহাজের পিছনের একটি জাহাজে মিসাইল হামলা হয়েছে। ওই জাহাজটি ধ্বংস হয়ে গিয়েছে। তাহলে কি ওই আব্বাস বন্দরকে এবার টার্গেট করা হচ্ছে? 

জাহাজে সহকর্মীদের সঙ্গে গৌতম।

গৌতম পরিবারের সদস্যদের জানিয়েছেন, এই মুহূর্তে আতঙ্ক বেড়েছে। বাড়ি ফেরার জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি। গৌতমের স্ত্রী সঙ্গীতা রায় বলেন, " ৪০ দিন ধরে জাহাজের মধ্যে আটকে আছে। সেখানে নেটওয়ার্ক না থাকায় ঠিকমতো যোগাযোগও করা যাচ্ছে না। ওদের জাহাজে পর্যাপ্ত খাবার ও জল রয়েছে। কিন্তু আতঙ্কের মধ্যে দিন কাটছে।" সঙ্গীতা আরও বলেন, "কয়েকদিন আগে ওদের পিছনের জাহাজে বিস্ফোরণ হয়। এইসব খবর শুনে আতঙ্কে রয়েছে।"

একইভাবে ইরানের এক জাহাজে আটকে রয়েছেন নদিয়ার তেহট্টের কুষ্টিয়ার বাসিন্দা দীপক মণ্ডল। বাড়িতে তাঁর স্ত্রী ও এক ছেলে রয়েছেন। আটমাস আগে ওই জাহাজ সংস্থায় রান্নার কাজে গিয়েছিলেন। দীপকের স্ত্রী বিপাশা মণ্ডল বলেন, "মঙ্গলবার দুপুরে ফোনে কথা হয়েছে। ওই জায়গা স্বাভাবিক আছে বলে জানিয়েছে। সংস্থা কর্তৃপক্ষ ১০-১২ দিনের মধ্যে ওদের সবাইকে ফেরানোর ব্যবস্থা করবে বলে জানিয়েছে।" যত দিন পর্যন্ত ঘরের লোক বাড়িতে ফিরে না আসছেন, ততদিন দুশ্চিন্তা থাকছে বলেও জানাচ্ছেন তাঁরা।

যুদ্ধের জেরে জ্বালানিসংকটে গোটা বিশ্ব। এরপরও সংঘাত থামার নাম নেই। উলটে বুধবার মার্কিন ঘাঁটি এবং ইজরায়েলে সবচেয়ে বড় হামলা চালানো হয়েছে বলে দাবি করল ইরান। নতুন করে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে তেহরান হামলা চালিয়েছে বলেই খবর। দুবাই বিমানবন্দরের আশাপাশে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এর জেরে আহত হয়েছেন এক ভারতীয়-সহ ৪ জন। বাহরিনেও হামলা হয়েছে। এছাড়াও ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। যদিও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির বিষয়টি সামনে আসেনি। হরমুজে একটি পণ্যবাহী জাহাজে হামলা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement