বিপ্লব দত্ত, কৃষ্ণনগর: জন্মদিনেই শ্বশুরবাড়িতে ১৭ বছরের বালিকা বধূর ঝুলন্ত দেহ উদ্ধার হল। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণী থানার নববিধান পল্লি এলাকায়। মৃতার নাম রাজলক্ষ্মী দেবনাথ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে বধূর স্বামী সন্দীপন রায় ও শাশুড়ি ইলা রায়কে।
জানা গিয়েছে, একাদশ শ্রেণির ছাত্রী ছিল রাজলক্ষ্মী। পড়তে পড়তেই সন্দীপনের সঙ্গে তার বিয়ে হয়ে যায়। ধুমধাম করে ১৮ ফেব্রুয়ারি এই বিয়ে হয়। স্থানীয় মানুষের অভিযোগ, বিয়ের পর থেকেই পরিবারে শান্তি ছিল না। গত পয়লা বৈশাখে রাজলক্ষ্মী বাপের বাড়ি যেতে চেয়েছিল। সে চেয়েছিল, এবারের জন্মদিনটা বাপের বাড়িতে মা-বাবার সঙ্গেই কাটাবে। কিন্তু তার শাশুড়ি তাতে সায় দেননি। এর জেরেই কয়েকদিন ধরেই মুখ গোমড়া করে ছিল বালিকা বধূ। বৃহস্পতিবার ছিল তার জন্মদিন। জন্মদিনের বিকেলেই সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশের অনুমান।
[কাঠুয়া কাণ্ডের অভিনব প্রতিবাদ, অভিযুক্তদের বাড়িতে পাঠানো হচ্ছে জুতো]
শুক্রবার সকালে ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তবে পুলিশকে প্রথমে মৃতদেহ নিয়ে যেতে দেননি স্থানীয় বাসিন্দারা। সুবিচারের দাবিতে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখান তাঁরা। শেষে সন্দীপন রায় ও ইলা রায়কে গ্রেুপ্তার করে পুলিশ। তারপরই উত্তেজিত জনতা শান্ত হয়। পণের জন্য বধূ হত্যার ঘটনা এ রাজ্যে নতুন নয়। এক্ষেত্রে বধূর বয়স মাত্র ১৭। এই বয়সে কীভাবে তার বিয়ে হল? তা কেন তার বাপের বাড়ির লোকজন মেনে নিল? বিয়ের দু’মাসেই কী এমন ঘটল? এই প্রশ্নের উত্তরই খুঁজছে পুলিশ।
[ভোট পিছোলে বর্ষায় গ্রামবাসীকে স্কুলে আশ্রয় কীভাবে, শিরে সংক্রান্তি প্রশাসনের]
The post বিয়ের দু’মাসেই বালিকা বধূর ঝুলন্ত দেহ উদ্ধার, ধৃত স্বামী-শাশুড়ি appeared first on Sangbad Pratidin.
