আসানসোলের (Asansol) জামুড়িয়ার কয়লা খনিতে ভয়াবহ ধস! ইসিএলের কুনুস্টোরিয়া পড়াশিয়া কোলিয়ারিতে কয়লা খনিতে দুর্ঘটনা। মৃত ১। আহত ১৫ শ্রমিক। উদ্ধারকার্য শুরু করেছে প্রশাসন ও মাইন রেসকিউ টিম। আহতদের নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। ঘটনাস্থলে রয়েছে ইসিএলের চিকিৎসক দল।
সূত্র মারফত জানা গিয়েছে, কোলিয়ারির ভূগর্ভস্থ খনির ২৭ নম্বর সেকশনে প্রথম শিফটে কাজ করছিলেন একদল খনি কর্মী। সেই সময় আচমকাই একটি স্তরে 'এয়ার ব্লাস্ট' হয়। এই বিস্ফোরণে খনির ভেতরে থাকা শ্রমিকরা চাপা পড়েন। চারদিকে ছিটকে পড়েন তাঁরা। আহতদের মধ্যে বেশ কয়েকজন ঠিকাকর্মীও রয়েছেন বলে খবর।
বিস্ফোরণ বুঝতে পেরেই সঙ্গে সঙ্গে উদ্ধারকার্য শুরু করে কর্তৃপক্ষ। আহত শ্রমিকদের খনির ভেতর থেকে উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় সকলকেই রানিগঞ্জের বাসরা ও আসানসোলের (Asansol) কাল্লা হাসপাতাল-সহ ইসিএলের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই দেবায়ন মুন্ডা নামে এক শ্রমিককে মৃত বলে ঘোষণা করা হয়।
এই ঘটনার পর শ্রমিকদের নিরাপত্তা ও কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব হয় একাধিক শ্রমিক সংগঠন। কর্তৃপক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন। তবে কী কারণে এই দুর্ঘটনা তা নিয়ে কোনও মন্তব্য করেনি তারা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
