shono
Advertisement
Durgapur Fire

দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ভয়াবহ আগুন, পুড়ে ছাই গুরুত্বপূর্ণ নথিপত্র

গুরুত্বপূর্ণ নথিপত্র ভস্মীভূত হওয়ায় গ্রাহকরা সমস্যায় পড়বেন বলে মনে করা হচ্ছে।
Published By: Jaba SenPosted: 08:56 AM May 14, 2026Updated: 10:42 AM May 14, 2026

ভয়াবহ আগুনে ভস্মীভূত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের একটি শাখার গুরুত্বপূর্ণ নথি ও কাগজপত্র। বুধবার গভীর রাতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্গাপুরের (Durgapur) মায়াবাজার সংলগ্ন এলাকায়। দমকলের দু'টি ইঞ্জিনের ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিটের কারণেই ওই ব্যাঙ্কে আগুন লেগেছে। গুরুত্বপূর্ণ নথিপত্র ভস্মীভূত হওয়ায় গ্রাহকরা সমস্যায় পড়বেন বলে মনে করা হচ্ছে।

Advertisement

জানা গিয়েছে, বুধবার রাত প্রায় পৌনে ১০টা নাগাদ এলাকার বাসিন্দারা প্রথম ব্যাঙ্কের ভেতর থেকে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া বের হতে দেখেন। সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকলে খবর দেওয়া হয়। অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের দু'টি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ। ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভার পর দেখা যায়, ব্যাঙ্কের ভেতরে থাকা বহু গুরুত্বপূর্ণ নথি , কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গিয়েছে।

ঘটনার খবর পেয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছান। দমকল আধিকারিক পার্থসারথী ঘোষ জানান, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের সম্ভাবনাই সামনে আসছে। অন্যদিকে, ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজার অরুণ কুমার মাহাতো জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement