ব্রতদীপ ভট্টাচার্য, বারাসত: ফের খুন উত্তর ২৪ পরগনার ওয়াসিপুরে! থুড়ি! উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে! এবার কাউন্সিলরের বাড়িতে ঢুকে গুলি। কাউন্সিলরকে না পেয়ে শাশুড়িকে খুন। মাত্র কয়েকদিন আগেই এই মধ্যমগ্রামে দিনে দুপুরে সেলুনে গুলি চালিয়ে খুনের ঘটনা মনে করিয়েছিল সেই বিখ্যাত ছবি ‘গ্যাংস অফ ওয়াসিপুর’-এর কথা। ক’দিন কাটতে না কাটতেই আবারও গুলি চলল উত্তর ২৪ পরগনার এই মফস্বল শহরে।
শুক্রবার রাত এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রাম পুরসভার ছয় নম্বর ওয়ার্ডে বিবেকানন্দ নগর এলাকায়। মৃতার নাম দীপালি বিশ্বাস (৬৬)। তিনি স্থানীয় কাউন্সিলর বর্ণালী বিশ্বাসের শাশুড়ি। ঘটনার সময় বাড়িতে ছিলেন না বর্ণালী। স্বামী জিতেন বিশ্বাসকে নিয়ে একটি ধাবায় নৈশভোজে গিয়েছিলেন। বাড়ি ফিরে তাঁরা দেখেন সদর দরজা খোলা। ভেতরের ঘরে বিছানায় পড়ে রয়েছে দীপালি দেবীর দেহ। তাঁর পেটে ও মাথায় ক্ষতচিহ্ন দেখে অনুমান তাঁকে গুলি করা হয়েছে।
[ফ্ল্যাটে উদ্ধার অভিনেত্রীর ঝুলন্ত দেহ, টালিগঞ্জে চাঞ্চল্য]
কিন্তু যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেখানে এক বাড়িতে বাসনপত্র ভাঙলেও আওয়াজ যায় পাশের বাড়িতে। এমন একটি ঘিঞ্জি জায়গায় এত বড় ঘটনা ঘটল কিন্তু কেউ কিচ্ছুটি টের পেলেন না? এখানেই রহস্য দানা বেঁধেছে। ঘটনার তদন্তে নেমেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। কাউন্সিলর তাঁর স্বামী, দেওর ও শাশুড়িকে নিয়ে থাকতেন। ঘটনার কারণ সম্পর্কে এখনও কোনও হদিশ পায়নি পুলিশ। তবে পারিবারিক বিবাদের জের বলে অনুমান করা হচ্ছে। পুলিশের কাছে তথ্য, ওই কাউন্সিলরের দেওরের বিয়ে হয়েছিল বছর ন’য়েক আগে। বিয়ের ক’দিনের মধ্যেই তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে চলে যান। তারপর বিবাহ বিচ্ছেদের মামলা রুজু করে। বিবাহবিচ্ছেদ না হওয়ায় পরে বধূ নির্যাতনের মামলা করে। ইদানীং কাউন্সিলরের স্বামীকে এক যুবক ফোনে হুমকি দিচ্ছিল বলে জানতে পেরেছে পুলিশ। কাউন্সিলরের দেওরের স্ত্রীর সঙ্গে ওই যুবকের কোনও যোগ রয়েছে কি না জানতে চাইছে পুলিশ। একবার দীপালিদেবীর সঙ্গেও তার বচসা বেধেছিল।
কিন্তু ঘটনা যাই-ই হোক। ক্রমেই মধ্যমগ্রাম যেন হয়ে উঠছে একটি আতঙ্কের শহর। একের পর এক হত্যাকাণ্ড! গ্যাংওয়ার! শুটআউট! অথচ পুলিশ আগে থেকে কোনও ব্যবস্থাই নিতে পারছে না অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। শুক্রবার রাতের ঘটনার জেরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ, এলাকায় এমন হলে তো এবার বাইরে বেরনো বন্ধ করে দিতে হবে।
[মিড ডে মিলে পোকা, খেয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ১৭ শিশু]
The post বাড়িতে ঢুকে ফিল্মি কায়দায় কাউন্সিলরের শাশুড়িকে গুলি করে খুন appeared first on Sangbad Pratidin.
