বাবার বিরুদ্ধে মদ্যপ ছেলেকে খুনের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের (Murshidabad) ইসলামপুর থানার হেরামপুর পঞ্চায়েতের রায়পুর গ্রামে। খবর পেয়েই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। এদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। তার খোঁজে চলছে তল্লাশি।
জানা গিয়েছে, মৃত যুবকের নাম শাহজামাল মোল্লা ওরফে বাপন। তাঁর বয়স ২৮ বছর। স্থানীয় সূত্রে খবর, শাহজামাল নিয়মিত নেশা করত। তা নিয়ে বাড়িতে অশান্তি লেগেই থাকত। এই কারণে যুবকের স্ত্রী বাপের বাড়িও চলে গিয়েছিল। তাতেও মদ্যপান বন্ধ করেনি যুবক। নিয়মিত বাড়িতে ও এলাকায় অশান্তি করত মৃত যুবক। থানা-পুলিশ পর্যন্তও গড়িয়েছিল জল। প্রতিবেশী সমীরুদ্দিন শাহ জানান, “শুক্রবার রাতেও মদ্যপ অবস্থায় বাড়ি গিয়ে অশান্তি শুরু করে শাহজামাল। ঘরের বিদ্যুতের লাইন টেনে ছিঁড়ে ফেলে, ভাঙচুর চালায়। ফলে গোটা বাড়ি অন্ধকারে ডুবে যায়। ওই সময় শাহজামালের বাবা তাঁর স্ত্রীকে বলেন, "এসব করতে মানা করো। রোজই মদ্যপ অবস্থায় ঝামেলা করছে কেন?”
এরপরই শাহজামাল রড নিয়ে বাবাকে মারতে এগিয়ে যায়। সেই সময় দু'জনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। অশান্তির মাঝে ছেলের হাত থেকে লোহার রড কেড়ে নিয়ে মাথায় আঘাত করেন বাবা হাইফত মোল্লা। ফলে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ছেলে শাহজামাল। প্রতিবেশী সাইফুল শাহ জানান, “ওই অবস্থায় ছেলেকে উদ্ধার করে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।” পরে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যাবস্থা করেছে। ডোমকলের এসডিপিও শুভম বাজাজ জানান, “বাবা ছেলের মধ্যে বচসায় বাবা’র রডের আঘাতে ছেলের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বাবা পলাতক থাকায় তাকে ধরা যায়নি।”
